• অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, সান্দাকফুতে স্নোফল, দক্ষিণবঙ্গের কী খবর?
    আজ তক | ২১ মার্চ ২০২৬
  • গরম ঠিকমতো পড়তে না পড়তেই রাজ্যে দাপট দেখাতে শুরু করেছে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত রাতভর রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও জল জমার ঘটনাও ঘটেছে। তবে সকালের দিকে আবহাওয়ায় এসেছে স্বস্তির ছোঁয়া, ঠান্ডা হাওয়া আর হালকা শীতল অনুভূতিতে মনোরম পরিবেশ তৈরি হয়েছে। শীতের আমেজ তৈরি হয়েছে। অনেকের গায়েই এদিন সোয়েটার উঠেছে।

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবারও কলকাতা সহ গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

    উত্তরবঙ্গে পরিস্থিতি আরও জটিল। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সন্দাকফুতে প্রবল তুষারপাতের জেরে এলাকা কার্যত বরফে ঢেকে গিয়েছে।

    দক্ষিণবঙ্গেও বৃষ্টির প্রভাব স্পষ্ট। কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে।

    গত রাতের বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন ঘটেছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। আপেক্ষিক আর্দ্রতা প্রায় ৯৪ শতাংশে পৌঁছেছে।

    গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে বৃষ্টির এই ধারা অব্যাহত রয়েছে। গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও, অতিবৃষ্টি ও সম্ভাব্য শিলাবৃষ্টির কারণে কৃষিক্ষেত্রে ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।

     
  • Link to this news (আজ তক)