• ‘সমুদ্রপথ খুলতে হবে’, হরমুজ় নিয়ে ইরানের প্রেসিডেন্টকে ফোন মোদীর, যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ
    এই সময় | ২১ মার্চ ২০২৬
  • যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ় প্রণালী (Strait of Hormuz) বন্ধ। ভারতীয় জাহাজকে (Indian Ship) ‘সেফ প্যাসেজ’ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। ভারতের বেশ কিছু জাহাজ এখনও আটকে রয়েছে। শনিবার এই নিয়েই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের (Masoud Pezeshkian) সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সরাসরি হরমুজ়ের নাম না করে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যের জন্য শিপিং লেনগুলি খোলা রাখা গুরুত্বপূর্ণ।’ একই সঙ্গে ইরানের তেল এবং গ্যাস পরিকাঠামোয় হামলারও নিন্দা করেছেন তিনি।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানের তিনটি শহরে হামলা চালায় আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনী। তার পরেই পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে যায় পশ্চিম এশিয়ায়। আমেরিকার সামরিক ঘাঁটি এবং মিত্রদেশগুলির উপরে হামলা চালাচ্ছে ইরান। পাল্টা ইরানের তেল এবং গ্যাস পরিকাঠামোয় এয়ার স্ট্রাইক করছে ইজ়রায়েল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। এ দিন তিনি ইরানের প্রেসিডেন্টকে ফোন করে প্রথমে ইদ ও নওরোজের শুভেচ্ছা জানান। তার পরে হরমুজ় প্রণালী খোলা নিয়ে আলোচনা করেন।

    পরে তাঁদের ফোনালাপের নির্যাস X-এ পোস্ট করেন মোদী। সেখানে তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে কথা বললাম। ইদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছি। আশা করছি, উৎসবের মরশুম পশ্চিম এশিয়ার জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।’ হরমুজ় প্রণালীতে ফের জাহাজ চলাচলের উপরেও জোর দিয়েছেন, ‘সমুদ্রপথ খোলা রাখা প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাহাজ চলাচলে যেন কোনও বিঘ্ন না ঘটে।’

    ইরানের গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় হামলার নিন্দাও জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এই ধরনের ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ে। আন্তর্জাতিক সরবরাহ ব্যাহত হয়।’ ইরানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য ধন্যবাদও জানান তিনি।

    উল্লেখ্য যুদ্ধ শুরু হওয়ার পরে এই নিয়ে দ্বিতীয়বার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন মোদী। এর আগে চলতি মাসের শুরুতে পেজ়েশকিয়ানকে ফোন করেছিলেন তিনি। সেই সময়ে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং পণ্য পরিবহণকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিলেন। বেসামরিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মোদী। তবে শুধু মোদী নন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)