• ‘এখন থেকে শুধু গল্পই লিখব’, অপ্রকাশিত আত্মজীবনী নিয়ে বিতর্কের মাঝে মন্তব্য প্রাক্তন সেনাপ্রধান নরবণের
    এই সময় | ২২ মার্চ ২০২৬
  • তাঁর অপ্রকাশিত আত্মজীবনী ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’ নিয়ে তুলকালাম পড়ে গিয়েছিল সাংসদে। জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারকে (Central Government) তীব্র আক্রমণ শানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তার পর থেকে আর বিতর্কে জড়াতে চান না দেশের প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে (Former Indian Army chief General Manoj Mukund Naravane)। শনিবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে বললেন, ‘এখন থেকে শুধু গল্পই লিখব।’

    এ দিন পেঙ্গুইন থেকে প্রকাশিত হয়েছে নরবণের প্রথম বই ‘দ্য ক্যান্টনমেন্ট কনস্পিরেসি’। এটা মূলত উপন্যাস। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে সদ্য পাশ করা দুই সেনা অফিসার কী ভাবে একটি খুনের ঘটনায় জড়িয়ে পড়লেন, সেই গল্পই বুনেছেন তিনি। পুনেতে বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে নরবণে বলেন, ‘প্রথমবার লেখক হিসেবে দারুণ সাড়া পাচ্ছি। আশা করছি, উপন্যাসটি পড়তে পাঠকের ভালোই লাগবে।’

    তবে তাঁর আত্মজীবনী এখনও প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র পায়নি। ফলে প্রকাশ আটকে রয়েছে। সেই বই নিয়ে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল ‘দ্য ক্যারাভান’ পত্রিকায়। সেটা ২০২০ সালের ৩১ অগস্ট। তখন তিনি সেনাপ্রধান। ওই দিন রাতে গালওয়ানে ঢুকে পড়ে চিনা সেনা। সঙ্গে সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনাথ তাঁকে জানান, পুকো বিষয়টা সেনার উপরেই ছেড়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী বলেছেন, ‘যা ঠিক মনে হয়, তাই করুন।’ আত্মজীবনীতে নরবণে উল্লেখ করেন, তাঁর মনে হয়েছিল, হাতে একটা গরম আলু ধরিয়ে দেওয়া হয়েছে।

    এই প্রবন্ধ প্রকাশ হতেই শোরগোল পড়ে যায় সংসদে। রাহুল গান্ধী দাবি করেন, প্রাক্তন সেনাপ্রধানের লেখা থেকে স্পষ্ট, নিরাপত্তা নিয়ে গা ছাড়া মনোভাব দেখিয়েছে কেন্দ্রীয় সরকার। গোটা ঘটনা নিয়ে আলোচনার দাবি তোলেন তিনি। তবে রাহুলের দাবি খারিজ করে দেন স্পিকার ওম বিড়লা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও দাবি করেন, বইটি যেহেতু অপ্রকাশিত, তাই এ থেকে লোকসভায় কোনও উদ্ধৃতি দেওয়া যাবে না।

    কেন্দ্রের অনুমোদনের জন্য ২০২৩ সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রকে পড়ে রয়েছে নরবণের আত্মজীবনী। ছাড়পত্র তো মেলেনি, উল্টে বিতর্ক হয়েছে বিস্তর। ফলে আদৌ এই বই কোনও দিন প্রকাশের মুখ দেখবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই।

    অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি প্রাক্তন সেনাপ্রধান। তবে এখন থেকে তিনি শুধু গল্পই লিখবেন বলে জানিয়েছেন। নরবণের কথায়, ‘আগেও কয়েকটি ছোট গল্প লিখেছি। তার মধ্যে একটি ফেমিনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেনাবাহিনীর কিছু অ্যাকাডেমিক জার্নালেও লেখালিখি করেছি। এখন থেকে শুধু গল্পই লিখব।’

  • Link to this news (এই সময়)