এ দিনও প্রকাশিত হলো না SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা। সূত্রের খবর, রবিবার বাদ দিয়ে সোমবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হতে পারে। তার পর থেকে প্রতি শুক্রবার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সূত্রের খবর, প্রতিটি বুথে সাপ্লিমেন্টারি তালিকা টাঙিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যের প্রায় ৮০,৭১৯ টি বুথের মধ্যে ৪০ হাজার বুথের সাপ্লিমেন্টারি তালিকা তৈরি হয়ে গিয়েছে। মোট বিবেচনাধীন ৬০ লক্ষের মধ্যে নিষ্পত্তি হয়েছে ২৭ লক্ষ ২৩ হাজার। এ ছাড়াও, এ দিন মানিকতলায় তৃণমূল ও বিজেপির ঝামেলার ঘটনায় উত্তর কলকাতার DEO-র থেকে রিপোর্ট তলব করেছে কমিশন।
এ দিকে ভোটার তালিকা প্রকাশ ঘিরে কড়া নজরদারির নির্দেশ দিল নবান্ন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। শনিবার, ২১ মার্চ জারি হওয়া একটি বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর জানিয়েছে, ২৩ মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। এই দিকে খেয়াল রেখে ভিড় সামাল দেওয়া, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি রাখা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বিষয়টি জানিয়ে সমন্বয় রেখে কাজ করার কথাও উল্লেখ করা হয়েছে।
ভোটার তালিকা সংক্রান্ত আপিল দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্যে একাধিক অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ জারি করেছে কমিশন। শুক্রবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের সুপারিশের ভিত্তিতে এই ট্রাইব্যুনালগুলি তৈরি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় প্রাক্তন বিচারপতিদের অ্যাপিলেট অথরিটি হিসেবে নিয়োগ করা হয়েছে, যাঁরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে ওঠা আপিল শুনবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটার তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তি অনলাইনে অথবা জেলা শাসক, মহকুমা শাসকের দপ্তরে সরাসরি আপিল জানাতে পারবেন।