আরজি করে লিফটে (RG Kar Lift Incident) আটকে দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জন্য চূড়ান্ত গাফিলতিকেই দায়ী করলেন চিকিৎসক অনিকেত মাহাত (Aniket Mahata)। শুক্রবার যে হাড়হিম করা ঘটনা ঘটেছে, তাতে আরজি কর হাসপাতালের Safety Security নিয়ে আরও একবার উঠে এল, দাবি অনিকেতের।
আরজি করে ডাক্তার পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় করা যে আন্দোলন হয়েছিল, তার অন্যতম মুখ ছিলেন অনিকেত। আরজি করেরই জুনিয়র ডাক্তার ছিলেন তিনি। বছর দুই আগে ৯ অগস্টের ঘটনার সময়েও তাঁরা আরজি করের নিরাপত্তা-সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
অনিকেত বলেন, ‘অভয়ার ন্যায় বিচারের সময়েও আমরা safety security-র কথা তুলেছিলাম। একটা হাসপাতালে এসে যদি ধর্ষণ হয়, খুন হয়ে যেতে হয়, তা হলে সে প্রশ্ন যেমন ওঠে। তেমনই হাসপাতালে একটা পরিবার চিকিৎসা করাতে এসে যদি এমন মর্মান্তিক পরিণতির শিকার হয়, তা হলে সত্যিই এই প্রশ্ন উঠবে যে নিরাপত্তার একটা ঘাটতি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে আছে।’
অনিকেত জানান, অভয়ার ঘটনার পরে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রাজ্য জানিয়েছিল, হাসপাতালগুলিতে সুরক্ষা ব্যবস্থায় রাজ্য কী কী করছে, কী করতে চলেছে, তার জন্য কত কোটি টাকা খরচ করছে। অথচ কাজ হয়েছে ২-৩ শতাংশ। কিছু আলো, কিছু জায়গায় সিসিটিভি বসেছে। কিন্তু শুক্রবার যে মর্মান্তিক ঘটনা ঘটল, তা চূড়ান্ত গাফিলতি ছাড়া আর কিছুই নয়— বলছেন অনিকেত।
অনিকেত আরও জানান, এখন সব নিরাপত্তা ব্যবস্থাতেই এজেন্সির ব্যবহার। একটা ঘটনা ঘটলে, এ ওর ঘাড়ে দোষ ঠেলে। তাঁর কথায়, ‘পাঁচ জন গ্রেপ্তার হয়েছে ঠিকই। কিন্তু কাল থেকে দেখছি এ ওর দিকে আঙুল দেখাচ্ছে। রোগী কল্যাণ সমিতির অতীন ঘোষ স্থানীয় প্রশাসনকে দেখাচ্ছেন, MSVP স্যর PWD-কে দোষ দিচ্ছেন। PWD বলছে, তারা লিফটম্যান রেখেছিল। আর এই দোষারোপ, পাল্টা দোষারোপের মধ্যে একটা প্রাণ কিন্তু চলে গেল। একটা পরিবার তাদের ছেলেকে হারাল। এর দায়িত্ব কে নেবে?’