• রবিবার ভবানীপুরে কর্মিসভা করবেন মমতা
    আজকাল | ২২ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারে নির্বাচনের ইশতেহার ঘোষণার সময়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, ঈদ শেষ হলেই নির্বাচনী প্রচার শুরু হবে। এবার সেই বার্তাই আরও স্পষ্ট হল। 

    জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা থেকেই ভবানীপুর থেকে প্রচারে নেমে পড়েছেন মমতা। রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে মেয়র ফিরহাদ হাকিমেরও।

    সূত্র মারফত জানা গিয়েছে, নির্বাচনের আগে ভবানীপুরে জনসংযোগের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। কর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, কোনওভাবেই যেন কেউ বিরোধীদের প্ররোচনা বা উস্কানিমূলক মন্তব্যে পা না দেয়।

    মমতার বিপরীতে ভবানীপুর থেকে বিজেপির হয়ে লড়ছেন শুভেন্দু অধিকারী। তবে উল্টোদিকে কী হচ্ছে সেদিকে মন না দিয়ে কর্মীদের মন দিয়ে প্রচার চালানোর বার্তা দিতে পারেন মমতা।

    দলীয় সূত্রে জানা গিয়েছে, সভায় উপস্থিত থাকার কথা রয়েছে ভবানীপুরের সমস্ত কাউন্সিলরদের। সেখানে ওয়ার্ড ধরে ধরে প্রচার নিয়ে আলোচনা করতে পারেন তৃণমূল সুপ্রিমো।

    প্রসঙ্গত, শনিবার রেড রোডে ইদের অনুষ্ঠান থেকে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
  • Link to this news (আজকাল)