আজকাল ওয়েবডেস্ক: হুগলির উত্তরপাড়া বিধানসভায় এবার জোর লড়াই। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য ব্যানার্জি। বামফ্রন্টের হয়ে লড়াইয়ে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। শীর্ষণ্য পেশায় আইনজীবী হলেও সম্পর্কে তিনি শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জির পুত্র। ছেলেকে নিয়েই খুশির ঈদে উত্তরপাড়া বিধানসবার অন্তর্গত কোন্নগরের ঈদগাহে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। শুভেচ্ছা বিনিময়ের মাঝেই বাম প্রার্থী মীনাক্ষীকে উদ্দেশ্য করে কল্যাণ ব্যানার্জির হুঙ্কার, "৩৪ বছর ধরে সিপিএম যা করেছে আর মুখ দেখানোর জায়গা নেই। এরা সব পরিযায়ী প্রার্থী। একবার এখানে দাঁড়াচ্ছে একবার ওখানে দাঁড়াচ্ছে হারছে। এবারে আবার সিপিএম প্রার্থীকে অনুরোধ করছি, পরের বারের জন্য জায়গাটা ঠিক করে রাখুন।"
উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি এখনও প্রার্থী দেয়নি। যা নিয়েও গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। বলেন, "বিজেপির ওপর মানুষের আস্থা নেই, তাহলে কর্মীদের কী করে থাকবে? বিজেপির কিছুই নেই। ওদের শুধু আছে ইডি, সিবিআই আর টাকা।" কল্যাণের দাবি, "বাংলার ১২ কোটি মানুষ মমতার সঙ্গে আছে।"
রাজ্যের সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রসঙ্গেও নির্বাচন কমিশনকে নিশানা করেন তৃণমূল সাংসদ। ব্যাঙ্গাত্মকভাবে কল্যাণ ব্যানার্জি শুধু বলেন, "মহম্মদ বিন তুঘলকের রাজত্ব চলছে। যা পারছে তাই করছে।"
ঈদগাহ মাঠে শুভেচ্ছা বিনিময়ের মাঝে শনিবার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য ব্যানার্জি ও সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জির দেখা হয়। তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন। এপ্রসঙ্গে শীর্ষণ্য বলেন, "সৌজন্য বিনিময় হল। আমি ওনাকে বললাম ভাল থাকবেন। এটা ব্যক্তি বিশেষের লড়াই নয়, এটা লড়াইটা মতাদর্শের।"
এখনও উত্তরপাড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "ওদের চলে এজেন্সি দিয়ে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, আর এখন নির্বাচন কমিশন। আমি জ্ঞানেশ কুমারকে ইনভাইট করছি আপনি উত্তরপাড়ার প্রার্থী হন, আপনাকেও হারিয়ে দেব, কোনও ব্যাপার না।"
পরে, কল্যাণের বক্তব্য প্রসঙ্গে মীনাক্ষী বলেন, "আজ সবাই খুশির ঈদে আছেন। সব ধর্মের সব অংশের মানুষ একসঙ্গে আছেন, আজকে সবাই জিতুক।"