• আনফিট হলেই কাটা যাবে বেতন! কেবিন ক্রুদের কড়া ফিটনেস নীতি এয়ার ইন্ডিয়ার
    এই সময় | ২২ মার্চ ২০২৬
  • কেবিন ক্রুদের স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে অত্যন্ত কড়া নিয়ম চালু করল এয়ার ইন্ডিয়া। আগামী ১ মে, ২০২৬ থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনও কেবিন ক্রু যদি নির্ধারিত ওজনের চেয়ে বেশি ওজন বা শারীরিক ভাবে আনফিট হন, তবে তাঁকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এমনকি বারবার সতর্ক করার পরেও ওজন না কমলে সংশ্লিষ্ট কর্মীর বেতন কাটা বা কড়া পদক্ষেপও নিতে পারেন কর্তৃপক্ষ। বিমানে যাত্রী নিরাপত্তা এবং কর্মীদের পেশাদারিত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কেবিন ক্রু বিমান সংস্থার আসল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই তাঁদের সব সময় ফিট এবং চটপটে থাকতে হবে। নতুন এই নীতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) BMI মানদণ্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে।

    এখন থেকে মাঝেমধ্যেই হঠাৎ করে ক্রু মেম্বারদের ওজন পরীক্ষা করা হবে। বিমানে ওঠার আগে বা পরে এমনকি ট্রেনিং চলাকালীনও এই পরীক্ষা হতে পারে। উচ্চতা অনুযায়ী ওজনের ভারসাম্য বা BMI ঠিক না থাকলে সংশ্লিষ্ট কর্মীকে সরাসরি ডিউটি থেকে ছাঁটাই করে দেওয়া হবে।

    যাঁদের BMI ৩০-এর বেশি অর্থাৎ স্থূলতার পর্যায়ে পড়বে, তাঁদের জন্য নিয়ম আরও কঠিন। এমন কর্মীদের ওজন কমানোর জন্য মাত্র ৩০ দিন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে ফিট হতে না পারলে ধাপে ধাপে সতর্কবার্তা পাঠানো হবে। তার পরে চাকরি পর্যন্ত চলে যেতে পারে সংশ্লিষ্ট কর্মীর।

    এ ছাড়াও বিমানে জরুরি পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতাও পরখ করে দেখে নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষায় পাশ করার জন্য মাত্র তিনবার সুযোগ পাবেন কর্মীরা। ব্যর্থ হলে তাঁদের আর বিমানে কাজ করতে দেওয়া হবে না। কর্মীদের স্বাস্থ্য ও মানসিক উন্নতির জন্য অবশ্য ডায়েট এবং ব্যায়ামের বিশেষ প্রোগ্রামও চালু রেখেছে এয়ার ইন্ডিয়া।

  • Link to this news (এই সময়)