কলকাতায় আচমকা পারদ পতন, সর্বোচ্চ তাপমাত্রা ১১ ডিগ্রি কম, রাজ্যে আরও বৃষ্টির সম্ভাবনা
আজ তক | ২২ মার্চ ২০২৬
চৈত্রের শুরুতে কলকাতায় পারদ পতন। যাবতীয় রেকর্ড ভেঙে শহর তাপমাত্রা নামল অনেক নীচে। সর্বনিম্ন তাপমাত্রা তো বটেই, ১১ ডিগ্রি নীচে নেমে গিয়েছে সর্বোচ্চ পারাও। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১১ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। এই পরিসংখ্যানে চোখ কপালে শহরবাসীর। ফের একবার জ্যাকেট গায়ে চাপাতে হবে নাকি?
যদিও আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে মনে করছে IMD। যদিও আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টা ৩০ মিনিট থেকে শনিবার রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় মোট ১৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকে অতিরিক্ত ৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের জেরে শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম রয়েছে এবং আর্দ্রতার পরিমাণও রয়েছে বেশি।
জেলার আবহাওয়া আজ কেমন থাকবে?
রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস বলছে, পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় এক-দু’ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাতসহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।