জলপাইগুড়ি
কোনও রাজনৈতিক কথা নয়। ইদের (EID) দিন কুশল বিনিময়ের মাধ্যমেই নির্বাচনী প্রচার সারলেন জলপাইগুড়ি সদর আসনের তিন প্রধান প্রতিদ্বন্দ্বি। নির্ধারিত সময় নটা থাকলেও আধঘন্টা আগেই বারোপাটিয়ার বাড়ি থেকে বেড়িয়ে কর্মীদের নিয়ে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দোকাইচান ইদের ময়দানে হাজির হন। সেখানে প্রায় তিন হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে গিয়ে কুশল বিনিময় করেন সেই সঙ্গে এলাকার ইমামদের ইদের শুভেচ্ছা বার্তা হিসেবে ফল তুলে দেন। কৃষ্ণ দাস বলেন ইদের পবিত্র দিনে কোনও রাজনৈতিক কথা বার্তা হয়নি। উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় হয়েছে। অন্যদিকে নামাজের মাঠে না গেলেও এদিন সকাল থেকে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পের হাট এলাকাতেই উপস্থিত থাকতে দেখা গেছে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন কে।
বাংলাদেশ সীমান্ত (Bangladesh Border) এলাকা ক্যাম্পের হাটে গিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করে সেখানে তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বাম কর্মীরা। শুধু তাই নয়, ক্যাম্পের হাট এলাকায় কিছু নিদৃষ্ট বাড়িতে আলোচনা সভার আয়োজন করা হয়েছিলো। আলোচনার পাশাপাশি ইদ উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন ছিলো। দেবরাজ বর্মন জানান এদিন ইদ উপলক্ষে একাধিক জায়গায় তাক নিমন্ত্রণ করা হয়েছিলো। কিন্তু সমস্ত জায়গায় যাওয়া সম্ভব হয়নি। কিছু জায়গায় গিয়ে স্থানীয় দের সাথে কথা এবং শুভেচ্ছা বিনিময় করেছেন। যদিও একটু ব্যতিক্রমী ছিলেন বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। এদিন দক্ষিন বেরুবাড়ি গ্রামপঞ্চায়েতে গত্রেশ্বরী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন বাংলাদেশ সীমান্ত এলাকা মানিকগঞ্জে। সেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি সভা করেন। পাশাপাশি স্থানীয় মুসলিম ধর্মালম্বী মানুষের সাথে সৌহার্দ বিনিময় করেন। অনন্ত দেব অধিকারী বলেন এলাকার মানুষের সাথে কথা বলেছেন। সভাতে হিন্দু মুসলিম সকলেই উপস্থিত ছিলেন।
মালবাজার
ইদের সকালে একটু বেলা করেই বেরোলেন প্রার্থীরা। মালবাজারের মন্ত্রী তথা বিধায়ক বুলুচিক বড়াইক (Buluchik Baraik) এবারেও তৃণমূলের প্রার্থী। বেলা ১১ টা নাগাদ তিনি চলে আসেন ওদলাবাড়ির ছোটে মসজিদে। ইদের নামাজ শেষে যখন সকলে মসজিদ থেকে বেরিয়ে আসছেন সেই সময়েই বুলু চিক বড়াইক পৌঁছে যান। মসজিদ কমিটির পক্ষে তাকেও পাল্টা শুভেচ্ছা জানানো হয়। বিজেপির বিধায়ক পুনা ভেংরা এবারেও নাগরাকাটা আসন থেকেই বিজেপির প্রার্থী মনোনীত হয়েছেন। সেই বিধানসভা কেন্দ্রের বাতাবাড়ি এলাকায় দলের একঝাঁক সংখ্যালঘু নেতা এবং কর্মী রয়েছেন। বর্তমানে জলপাইগুড়ি জেলা বিজেপির গুরুত্বপুর্ণ দায়িত্বে থাকা মজনুল হক এখানেই থাকেন। তার সঙ্গে দেখা করে প্রার্থী পুনা বাবু শুভেচ্ছা জানান, এবং মজনুল কে সঙ্গে নিয়েই ইদের দিনে জনসংযোগ রক্ষা করেন বিজেপির প্রার্থী। এই নাগরাকাটা বিধানসভার তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর উল্কাপাড়া এলাকায় গিয়ে সংখ্যালঘুদের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময় করে দিনের বেলার সময় কাটান। সন্ধ্যার সেমাই যাতে ঘরে ঘরে পৌঁছে যায় সেজন্যও কর্মীদের প্রয়োজনে সাহায্যের বার্তা দেন তিনি।
শিলিগুড়ি
শনিবার নামাজ পড়ার জন্য কয়েক হাজার মানুষ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মিলিত হন। যদিও এ দিন নমাজের ময়দান কার্যত রাজনৈতিক জনসংযোগে পরিণত হয়। ইদের নামাজে অংশ নেওয়া হাজারো মানুষের ভিড়ে হাজির হন তৃণমূল ও বাম প্রার্থীরা। শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব। নামাজ শেষে তিনি সবমিলিয়ে, সম্প্রীতির মঞ্চে এদিন রাজনৈতিক বার্তাও স্পষ্ট, ভোটের আগে জনসংযোগের কোনও সুযোগই হাতছাড়া করতে চাইছে না রাজনৈতিক দলগুলি।
উত্তর দিনাজপুর
খুশির ইদ-উল-ফিতর। সারা দেশের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও উৎসবের আবহে মেতে উঠলেন মুসলিম ধর্মপ্রাণ মানুষজন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন পবিত্র ইদের শুভেচ্ছা বার্তা ও জনসংযোগ কর্মসূচীতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। রায়গঞ্জ শহরের উকিলপাড়ার ইদগাহ ময়দানেও প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষের সমাগম লক্ষ্য করা যায়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে সেখানে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।
সকলের সাথে ইদের শুভেচ্ছা বিনিময় করে ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন ও সমস্ত মানুষের হাতে রাখি পরিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন সিপিআইএম প্রার্থী।অন্যদিকে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ বিধানসভার মোট ২১৪ জন ইমাম ও মোহাজ্জেমের হাতে শুভেচ্ছা বার্তা ও ফল তুলে দেন। এছাড়াও মাড়াইকুড়া, সুভাষগঞ্জ এলাকায় জন সংযোগ করেন তিনি। ইদ উপলক্ষে করণদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল করণদিঘি বিধানসভা এলাকার করনদিঘি, দোমোহনা, ভুলকি, পাতনোর, রসাখোয়া, মহেশপুর, আলতাপুর, বিলাসপুর, বোতলবাড়ি, বিহিনগর, ডালখোলা সহ বিভিন্ন এলাকায় গিয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষজনের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ শুভেচ্ছা বার্তা বিনিময় ও মিষ্টিমুখ করান।
ইটাহারের চৌরাস্তা ইদগাহ ময়দানে নামাজে অংশ নেন ইটাহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন। সেখানেই সকলের সাথে আলিঙ্গন করে উৎসবের শুভেচ্ছা জানান। পাশাপশি ইটাহার বিধানসভার একাধিক জায়গায় জনসংযোগ ও সৌজন্য বিনিময় ও অসুস্থ দলীয় কর্মীদের সাথে দেখা করেন তিনি। কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্য কালিয়াগঞ্জ শহর, মালগাঁও, ভেলাগঞ্জ এলাকায় ইদগাহ গুলিতে গিয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের সাথে সৌজন্য বিনিময় ও মিস্টিমুখ করান।হেমতাবাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন ইদ উপলক্ষে এদিন সন্ধ্যায় হেমতাবাদ বিধানসভার বিভিন্ন এলাকায় গিয়ে মিস্টিমুখ ও সৌজন্য সাক্ষাত করেন।
মালদা
মালদা বিধানসভা (Malda Assembly Election) নির্বাচনের মধ্যেই ইদের উৎসব। আর তাতেই মালদার অধিকাংশ কেন্দ্রে নামাজ পাঠের মাঠেই দেখা গেল বিভিন্ন দলের প্রার্থীদের। কেউ ইদের শুভেচ্ছা জানালেন। আবার কেউ আলিঙ্গন করে ইদ মোবারক করলেন। শনিবার সকাল থেকেই বৃষ্টিপাতের মধ্যেই কার্যত ইদ পালিত হলো জেলা জুড়ে। এদিন কালিয়াচক ১ ব্লকের সুজাপুর নয়মৌজা ইদগাহ মাঠে এক লক্ষেরও বেশি মানুষ একসঙ্গে জমায়েত হয়ে ইদের নামাজ পাঠ করেন এমনটাই দাবি করা হয়েছে স্থানীয় ইদ কমিটির পক্ষ থেকে।এদিকে এদিন ইংরেজবাজার শহরে সুভাষপল্লি ইদগাহ ময়দানে শতাধিক মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা ইদের নামাজ পড়ে সামিল হন। সেখানেই শুভেচ্ছা জানাতে যান ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডু। ইদের শুভেচ্ছা জানান সিপিএম প্রার্থী অম্বর মিত্র। যদিও এই কেন্দ্রে এখনো বিজেপি এবং কংগ্রেসের কোন প্রার্থী ঘোষণা হয় নি। এদিন ইদের নমাজ পাঠের মাধ্যমে বিশ্বশান্তির দোয়া প্রার্থনা করেন। নমাজ পূর্ব শেষ হতেই নমাজিরা একে অপরকে আলিঙ্গন করে খুশির ইদের শুভেচ্ছা জানান।
চাচোল কেন্দ্রীয় একইভাবে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি ইদ উপলক্ষে শুভেচ্ছা জানাতেই সেখানকার একটি মুসলিম ধর্মীয় স্থানে যান। পাশাপাশি এদিন প্রবল উৎসাহ-উন্মাদনা সহকারে খুশির উদ পালনের ছবি নজরে আসে মালদার কালিয়াচকে। কালিয়াচক ১ ব্লকটি সুজাপুর বিধানসভার কেন্দ্রে অন্তর্গত। এখানেও তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন অন্যান্যদের সঙ্গে খুশির ইদে হন। এদিকে গত কয়েক বছরের মতো এবারও পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে ইদের মহিলা জামাত অনুষ্ঠিত হল ইংরেজবাজার শহরের হায়দারপুরে। হায়দারপুর মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে ইদের নমাজ পাঠ করলেন মহিলারা। তারা আল্লাহতালার কাছে দেশ ও দশের মঙ্গলকামনা সহ বিশ্বশান্তির দোয়া প্রার্থনা করেন। নমাজ শেষ হতেই মহিলারা একে অপরকে আলিঙ্গন করে খুশির ইদের শুভেচ্ছা জানান।