ছুটির সকালে ভোগান্তি যাত্রীদের। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেডের তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত হয় পরিষেবা (Train Service Disruption)। প্রায় দেড় ঘণ্টা ধরে হাওড়া-বর্ধমান (Howrah-Burdwan), হাওড়া-কাটোয়া (Howrah-Katwa) ও ব্যান্ডেল-নৈহাটি (Bandal-Naihati) লাইনে আপ ও ডাউনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যদিও এখন পরিষেবা স্বাভাবিক।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ওভারহেড ইকুইপমেন্টে ‘পাওয়ার অফ’ হয়ে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে হুগলি স্টেশনে সাময়িক ভাবে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়। ফলে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে।
হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া এবং ব্যান্ডেল-নৈহাটি শাখার একাধিক লোকাল ট্রেন ও কিছু দূরপাল্লার গাড়ি বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে। স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। ট্রেনেও আটকে পড়েন অনেকেই।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বেদ প্রকাশ জানান, ওভারহেড ইকুইপমেন্টে সার্কিটের গন্ডগোলের জন্য পাওয়ার অফ হয়ে গিয়েছিল। সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ট্রেন চলাচলে সমস্যা ছিল। ১০টা ১০-এর পর থেকে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে। এখন আর কোনও সমস্যা নেই।