• আট দিনে ১৩ জেলায় ব্যাক টু ব্যাক সভা অভিষেকের, ২৪ মার্চ থেকে ময়দানে নামছেন তৃণমূলের ‘সেনাপতি’
    এই সময় | ২২ মার্চ ২০২৬
  • ঠিক আর এক মাস পরেই বাংলায় প্রথম দফার ভোট (West Bengal Assembly Election 2026)। ২৪ মার্চ থেকে ৩১ মার্চ, টানা প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তৃণমূল সূত্রে খবর, আট দিনে ১৩টি জেলায় ঘুরবেন অভিষেক। একই দিনে একাধিক জনসভা, একাধিক জেলায়।

    তৃণমূল সূত্রে এখনও অবধি অভিষেকের যে প্রচার-সূচি জানা যাচ্ছে, প্রথম জনসভা ২৪ মার্চ, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। ২৫ মার্চ দুপুর ১২টায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে জনসভা করবেন তিনি। একই দিনে কেশিয়াড়ি ও নারায়ণগড়ে সভা করবেন অভিষেক। সে দিনই দুপুর ২টোয় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে কর্মিসভা করবেন। ২৫ মার্চ রাতেই কলকাতায় ফিরবেন অভিষেক।

    ২৬ মার্চ উত্তরবঙ্গে প্রচার। সে দিন দুপুরে কোচবিহারের নাটাবাড়িতে সভা করবেন তৃণমূলের ‘সেনাপতি’। সেখান থেকে দুপুরেই আরও এক সভা জলপাইগুড়ির ধূপগুড়িতে। দুপুর ২টোয় আলিপুরদুয়ারের কালচিনিতে রোড শো করবেন তৃণমূল সাংসদ। রাতে কলকাতায় ফিরে পরের দিনই অর্থাৎ ২৭ মার্চ ১২টায় ঝাড়গ্রামের বিনপুরে সভা করবেন তিনি। দুপুর ২টোয় পাঁশকুড়া পূর্বে সভা।

    একই দিনে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে সভা রয়েছে। সন্ধেয় কলকাতা ফিরে ২৮ মার্চ দুপুর ১২টায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, তপনে সভা করবেন। সে দিনে দুপুর ১টায় মালদার মানিকচকে সভা করবেন তিনি। সেখান থেকে মুর্শিদাবাদের সাগরদিঘি।

    ২৯ মার্চ দুপুর ১টায় বীরভূমের দুবরাজপুরে সভা অভিষেকের। এর পর দুপুর ২টোয় মুর্শিদাবাদের নওদায় সভা করবেন। সেখান থেকে বিকেল ৪টেয় দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালি। ৩০ মার্চ দুপুর ১টায় পুরুলিয়ার বাঘমুণ্ডিতে সভা করবেন। সেখান থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রিভিউ বৈঠক। সন্ধেয় কলকাতায় ফিরে ৩১ মার্চ আবার কোচবিহারের শীতলকুচিতে সভা। একই দিনে জলপাইগুড়ির রাজগঞ্জ, আলিপুরদুয়ারের ফালাকাটায় সভা সেরে সন্ধেয় ফিরবেন কলকাতায়।

  • Link to this news (এই সময়)