• আগামী সপ্তাহে বীরভূমে মমতার জনসভা, কেষ্ট-গড় থেকে ভোটপ্রচার শুরু
    দৈনিক স্টেটসম্যান | ২২ মার্চ ২০২৬
  • আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে একটি বৃহৎ জনসভা করার কথা রয়েছে তাঁর। এই সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে সভাস্থল চূড়ান্ত করতে জোর প্রস্তুতি চলছে।

    রবিবার রামপুরহাট মহকুমা পুলিশের নির্দেশে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ময়ূরেশ্বর ২ ব্লকের দুটি সম্ভাব্য মাঠ পরিদর্শন করেন। প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠ এবং ঢেকা গ্রাম পঞ্চায়েতের লোকপাড়া কলেজের মাঠ। এই দুই জায়গার ক্ষেত্রেই জনসমাগমের সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াতের সুযোগ এবং সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখা হয়েছে। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও মাঠকে চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি।

    এদিকে, বোলপুর-এ তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে রবিবার একটি গুরুত্বপূর্ণ কোর কমিটির বৈঠক হওয়ার কথা। দলীয় মহলের মতে, এই বৈঠকেই সভাস্থল নির্বাচন এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জেলার শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, কোটাসুর উচ্চ বিদ্যালয়ের মাঠই প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক ভালো হওয়ায় এই জায়গাটিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং মঞ্চ নির্মাণ, নিরাপত্তা বলয়, যান নিয়ন্ত্রণ ও জনসমাগম ব্যবস্থাপনার প্রস্তুতিও শুরু হয়েছে।

    মুখ্যমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ময়ূরেশ্বরের তৃণমূল প্রার্থী অভিজিৎ রায় গোটা প্রস্তুতি তদারকি করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই জনসভা ময়ূরেশ্বরসহ আশপাশের এলাকায় তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এখন সবার নজর কোর কমিটির বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)