• ‘কী বলেছিলাম, মিলল তো?’ নীতীশ কাদায় পড়তেই আসরে ফের পিকে
    এই সময় | ২২ মার্চ ২০২৬
  • বিহারের রাজনীতিতে নীতীশ যুগের অবসান ঘটে গিয়েছে। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। তিনি স্বেচ্ছায় সরছেন, নাকি BJP-র চাপে, এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে নিজের পুরনো ভবিষ্যদ্বাণী নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর।

    প্রশান্ত কিশোর মেনে নিয়েছেন, গত বছর বিহার বিধানসভা নির্বাচনে NDA-র পরাজয়ের বিষয়ে তিনি যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা একেবারেই মেলেনি। কিন্তু নীতীশ কুমারকে নিয়ে তিনি যা বলেছিলেন, তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তিনি বলেছেন, ‘NDA-র হার নিয়ে আমার কথা ভুল হতে পারে। কিন্তু নীতীশ কুমার যে শারীরিক ও মানসিক ভাবে আনফিট, এই বিষয়ে আমার কথা এখন প্রমাণিত।’

    নীতীশের ইস্তফার জল্পনা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছেন প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, ‘NDA জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কয়েক মাসের মধ্যেই কেন একজন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে?’ নীতীশ নিজের ইচ্ছায় নাকি চাপে পড়ে পদ ছাড়ছেন, সেই বিষয়ে তাঁর কাছেও স্পষ্টতা না থাকলেও, নীতীশের ভবিষ্যৎ নিয়ে তাঁর কথা মিলে যাওয়ায় তিনি সন্তুষ্ট বলেই জানিয়েছেন পিকে।

    নীতীশ কুমার রাজ্যসভায় চলে যাচ্ছেন। এই অবস্থায় বিহার সম্ভবত প্রথমবার BJP-র কোনও মুখ্যমন্ত্রী পেতে চলেছে। এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। তবে সম্রাট চৌধরীই দৌড়ে এগিয়ে। নীতীশও তাঁর নামই নিয়েছেন। এই রদবদল বিহারের রাজনীতি এবং NDA জোটের অন্দরে এক ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

  • Link to this news (এই সময়)