• নৌকায় ঝাঁপ বাঘের, লাঠি হাতে চিৎকার মৎস্যজীবীদের, রোমহর্ষক কাণ্ড সুন্দরবনে
    এই সময় | ২৩ মার্চ ২০২৬
  • সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে ভয়াবহ বাঘের আক্রমণের শিকার হলেন এক মৎস্যজীবী। সুন্দরবনের বড়িতলা জঙ্গলে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে যোগেশগঞ্জ হাসপাতাল এবং পরে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। আহত মৎস্যজীবীর নাম নিখিল মণ্ডল। তাঁর বাড়ি হেমনগর কোস্টাল থানার শামসেরনগর এলাকায়।

    জানা গিয়েছে, নিখিল-সহ মোট ছ’জন মৎস্যজীবী দু’টি নৌকা নিয়ে তিন দিন আগে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী ও নিখিলের সঙ্গী গোবিন্দ মণ্ডলের বর্ণনা অনুযায়ী, শনিবার সন্ধ্যার ঠিক আগে বড়িতলা জঙ্গলের একটি খাড়ি থেকে বেরোনোর সময়ে নদীর ধারে দু’টি বাঘের শাবক ঘোরাফেরা করতে দেখা যায়। আলো কম থাকায় প্রথমে বিষয়টি স্পষ্ট বোঝা যায়নি। ঠিক সেই সময়ে আচমকা একটি পূর্ণবয়স্ক বাঘ নৌকার উপর ঝাঁপিয়ে নিখিলের উপর আক্রমণ চালায়।

    পরিস্থিতি বুঝতে পেরে দেরি না করে গোবিন্দ বাঁশ দিয়ে বাঘটিকে আঘাত করেন। তাতে বাঘটি কিছুটা সরে গেলে নিখিল নৌকা থেকে জলে পড়ে যান। কিন্তু তাতেও বিপদ কাটেনি— বাঘটি নৌকা থেকে নেমে আবারও নিখিলের দিকে তেড়ে আসে। তখন অন্য সঙ্গীরাও লাঠি নিয়ে চিৎকার করতে করতে বাঘের দিকে এগিয়ে গেলে শেষ পর্যন্ত বাঘটি তার দুই শাবককে নিয়ে জঙ্গলের ভেতরে সরে যায়।

    এরপর দ্রুত জখম নিখিলকে উদ্ধার করে প্রথমে গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে যোগেশগঞ্জ হাসপাতাল হয়ে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটজনক। এই ঘটনায় আবারও সুন্দরবনে জীবিকা নির্বাহ করতে যাওয়া মৎস্যজীবীদের জীবনঝুঁকির বিষয়টি সামনে এল।

  • Link to this news (এই সময়)