নির্বাচনের সময়ে দলবদলের ট্র্যাডিশন পশ্চিমবঙ্গে দীর্ঘদিন। গত কয়েকবছরে সেই সংখ্যা আরও বেড়েছে। রাজ্যের অন্যতম চর্চিত আসন নন্দীগ্রামেও ২৪ ঘণ্টার মধ্যে একদল থেকে অন্য দলে গিয়ে প্রত্যাবর্তন কর্মীদের।
রবিবার সকালে সেখ জানে আলম, সেখ সাহাজান, সেখ সাহিবুল-সহ স্থানীয় কয়েকজন বাসিন্দাকে বিজেপিতে যোগদান করায় বিজেপি। কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের তৃণমূলে ফিরে এলেন সকলেই। তাঁদের দাবি, সকালে তাঁরা স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। তাঁদের প্রলোভন দেখিয়ে, ভুল বুঝিয়ে দলে যোগদান করায় বিজেপি। তবে বিকেলের মধ্যেই ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগদান করেন তাঁরা।
রবিবার সকালে বিজেপি কনভেনার অভিজিৎ মাইতি-সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে একের পর এক নাম ডেকে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু বিকেলের মধ্যেই তাঁরা ফের তৃণমূলে ফিরে যাওয়ায় গেরুয়া শিবিরে অস্বস্তি বেড়েছে।
বিষয়টি নিয়ে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর বলেন, ‘একজন মানুষকেও উনি (শুভেন্দু অধিকারী) নিয়ে যেতে পারবে না। যাঁদের নিয়ে গিয়েছিল, তাঁদের অর্থের লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁরা ঘর ফিরে আবার আমাদের কাছে চলে আসছেন। যতই চেষ্টা করুক, মানুষ আমাদের সঙ্গেই আছে।’