• থানায় থানায় ঘুরলেন পুলিশ সুপাররা, দেওয়া হলো কমিশনে ৬টি নির্দেশ, কী সেগুলি?
    এই সময় | ২৩ মার্চ ২০২৬
  • লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন (West Bengal Assembly Election)। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলার পুলিশ সুপার, একাধিক কমিশনারেটের পুলিশ কমিশনারকে বদল করেছে নির্বাচন কমিশন। রবিবার সকাল থেকেই দেখা যায়, একাধিক জেলায় বিভিন্ন থানায় গিয়ে ভোটের আগে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখলেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা। থানার আধিকারিকদের কমিশনের দেওয়া ছয় বিশেষ নির্দেশ দিলেন পুলিশ কর্তারা।

    ১) হিংসামুক্ত ভোট করতে হবে।

    ২) রাজনৈতিক প্রভাব মুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

    ৩) জনসাধারণকে যাতে হুমকি বা ভয় দেখানো না হয়, সেটা খেয়াল রাখতে হবে।

    ৪) ছাপ্পা ভোট যাতে না হয়, সে ব্যাপারে খেয়াল রাখা। বুথ জ্যামিং করা যাবে না। কোনও জায়গায় বুথ জ্যামিংয়ের ঘটনা ঘটলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে।

    ৫) বহিরাগতদের আনাগোনা লক্ষ্য রাখতে হবে। বুথের ১০০ মিটারে মধ্যে কোনওরকম জামায়েতের আনাগোনা করতে দেওয়া যাবে না।

    ৬) নির্বাচনের দিন স্থানীয় কমিনিউটি হল, হোটেল, বিয়েবাড়িগুলিতে বাইরে থেকে আসা লোকজন থাকতে পারবে না।

    বর্ধমান থেকে নদিয়া, বাঁকুড়া-সহ একাধিক জেলায় এ দিন সংশ্লিষ্ট থানাগুলিতে পরিদর্শন করেন পুলিশ সুপাররা। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া বিধানসভার অতি স্পর্শকাতর বুথ পরিদর্শনে যান নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। রবিবার চাপরা বিধানসভার পিঁপড়েগাছি গ্রাম পঞ্চায়েতের বাদলাঙ্গী গ্রাম-সহ হাতিশালা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাটরা পার্ট বেসিক স্কুল এবং আলফা গ্রাম পঞ্চায়েত এলাকার ডোম পুকুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে রুটমার্চ করেন তিনি।

    রবিবার বিকালে বর্ধমানে এলেন এডিজি এণ্ড আইজিপি ওয়েস্টার্ন জোন বিশাল গর্গ ও ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্রীহরি পান্ডে, সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার সায়ক দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এ দিন বিকালে বর্ধমান সদর থানায় এসে সেখানকার পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করার পর এডিজি এণ্ড আইজিপি বিশাল গর্গ জানিয়েছেন, নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ সম্পর্কে যথাযথভাবে পুলিশ আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরাও থানায় থানায় গিয়ে অন্যান্য অফিসারদের জানিয়ে দিয়েছেন।

    রবিবার জেলার প্রতিটি থানা পরিদর্শনের কাজ শুরু করেন বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। রবিবার বাঁকুড়া সদর থানায় পৌঁছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিটি থানা পরিদর্শনের কাজ শুরু হয়েছে। এ বার কোনও হিংসাত্মক ঘটনা ছাড়াই যাতে মানুষ অবাধ, শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজেই দিতে পারেন, তা সুনিশ্চিত করাই আমাদের অন্যতম মূল লক্ষ্য।’

  • Link to this news (এই সময়)