ভোট প্রচারের ময়দানে রবিবার খড়্গপুরে রীতিমতো ঝড় তুললেন বিজেপি, তৃণমূল ও CPIM প্রার্থীরা। এ দিন খড়্গপুরের ইন্দা এলাকায় এক অনুষ্ঠানে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। তালবাগিচা সব্জি বাজারে জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। পাশাপাশি ছোট ট্যাংরা এলাকায় মহিলাদের নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের আশ্বাস দিয়ে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী মধুসূদন রায়।
এ দিন দিলীপ ঘোষ ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের ১৩১তম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে আরতি করার সময় তাঁকে তরোয়াল ঘোরাতে দেখা যায়। দিলীপ বলেন, ‘তরোয়াল বীরত্ব আর আত্মরক্ষার প্রতীক। সঙ্ঘের নিয়মানুযায়ী তরোয়াল ঘুরিয়ে আরতি করতে হয়। তাই করলাম।’
তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার এ দিন তালবাগিচা এলাকার বাজারে ভোট প্রচারে নামেন। বাজারের ব্যবসায়ীরা এ দিন তাঁর কাছে নিকাশি নালা-সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন। প্রদীপ তাঁদের আশ্বস্ত করেন এবং সমস্ত অসম্পূর্ণ কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন। এর পরে দলীয় কর্মীদের নিয়ে একটি সভাও করেন তিনি। প্রদীপ বলেন, ‘বিজেপির বিধায়ক তথা খড়্গপুর পুরসভার ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর হিরন্ময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এলাকাবাসীর অনেক ক্ষোভ রয়েছে। প্রয়োজনে তাঁকে কাছে পাননি বাসিন্দারা। কাজের থেকে তিনি নাকি বেশি ছবি তুলতেন। আমি বলছিনা, খড়্গপুরের মানুষই বলছেন। আমরা সেই সমস্ত কাজ করব বলে বলেছি।’
অন্যদিকে, ছোট ট্যাংরা এলাকায় ভোট প্রচার করেন সিপিআইএম প্রার্থী মধুসূদন রায়। তিনি এ দিন বলেন, ‘বর্তমানে রাজ্যে মেয়েদের কোনও সম্মান বা সুরক্ষা নেই। এখনকার পরিস্থিতিতে বাড়ির মেয়েরা বাইরে গেলে পরিবারের লোকজনকে ভয়ের মধ্যে থাকতে হয়। সিপিআইএম ক্ষমতায় এলে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করবে।’