• প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অশোক দিন্দা
    এই সময় | ২৩ মার্চ ২০২৬
  • এই সময়, তমলুক: ভোটের প্রচারে বেরিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হলো ময়না বিধানসভার বিদায়ী বিধায়ক ও বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দাকে (Ashok Dinda)। রবিবার সকালে তমলুক (Tamluk) ব্লকের নীলকুন্ঠ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার হরশঙ্কর গড়কিল্লা বাজারে প্রচারে গিয়ে সাধারণ মানুষের একাংশের তীব্র অসন্তোষের মুখে পড়েন তিনি। দীর্ঘ দিন স্থানীয় সমস্যার সমাধান না হওয়া এবং জনপ্রতিনিধিদের নাগালের বাইরে থাকার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, তাঁরা গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক—কোথাও সঠিক ভাবে অভিযোগ জানাতে পারছেন না। এমনকী, জনপ্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না।

    এর জবাবে অশোক দিন্দা বলেন, ‘ক্ষোভ যত থাকবে, তত আমাদের মতো মানুষের কাজে উৎসাহ বাড়বে। বর্তমান পঞ্চায়েত ব্যবস্থার উপরে আমাদের সরাসরি নিয়ন্ত্রণ নেই। এলাকাবাসীকে বিধায়ক কার্যালয়ে এসে অভিযোগ জানাতে বলেছি।’ তিনি জানান, ওই অঞ্চলে বিজেপির মাত্র দু’জন গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন এবং পঞ্চায়েতের দায়িত্ব বর্তমানে তৃণমূল কংগ্রেসের হাতে।

    তিনি দাবি করেন, এই ক্ষোভের প্রতিফলন আগেই দেখা গিয়েছে লোকসভা নির্বাচনে, যেখানে সাধারণ মানুষ বিজেপিকে সমর্থন করেছে। তাঁর বিশ্বাস, ২০২৬–এর বিধানসভা নির্বাচনেও সেই সমর্থন বজায় থাকবে। একই সঙ্গে তিনি বলেন, ‘মানুষ তাঁদের মনের ক্ষোভ আমার কাছে উজাড় করে দিয়েছেন। আমি তাঁদের বুঝিয়েছি যে, বর্তমান পঞ্চায়েত বিজেপির নয়। বিষয়টি তাঁরা উপলব্ধি করেছেন।’ এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বলেন, ‘গোটা পশ্চিমবঙ্গেই ২০২১–এ যে সব বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, তাঁদের সারা বছর এলাকায় দেখা যায় না। নির্বাচন এলেই কেবল তাঁদের দেখা মেলে।’

  • Link to this news (এই সময়)