• প্রার্থীর নাম ঘোষণাই হয়নি, উত্তর শহরতলির ২ আসনে প্রচারে ঝাঁঝ নেই গেরুয়া শিবিরের
    বর্তমান | ২৩ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: রবিবার ভোট প্রচারে জমজমাট উত্তর শহরতলি। বাম, বিজেপি ও তৃণমূলের নেতা-কর্মীরা এদিন দলীয় প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার ও রোড শো করেন। তবে শহরতলির দুই গুরুত্বপূর্ণ আসন পানিহাটি ও উত্তর দমদমে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তাই কর্মীরা এখনও সেভাবে প্রচারে নামতে পারেননি। অনেকেই ঘনিষ্ঠ মহলে এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, কর্মীরা মাঠে নেমেছেন। যে কোনোদিন প্রার্থীদের নাম ঘোষণা হয়ে যাবে।

    এদিন তৃণমূল প্রার্থীরা প্রচারে আক্ষরিক অর্থে ঝড় তোলেন। মদন মিত্র কামারহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। সন্ধ্যায় ১২ এবং ২৬ নম্বর ওয়ার্ডে কর্মিসভা করেন তিনি। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায় ও বিজেপি প্রার্থী অরূপ চৌধুরীও বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। মানসবাবুর সমর্থনে ২ নম্বর রেলগেট থেকে দেশপ্রিয়নগর হয়ে বেলঘরিয়া বাজার পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রা করে সিপিএম।

    শনিবার বরানগরে ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে তুমুল গণ্ডগোল হয়। যা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। প্রতিবাদে এদিন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বরানগরের বনহুগলি মোড় থেকে টবিন রোড হয়ে লক্ষ্মী সিনেমা পর্যন্ত রোড শো হয়। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ বাড়ি বাড়ি প্রচারেই জোর দেন এদিন। এদিন সন্ধ্যায় তাঁর সমর্থনে বিজেপি নেতা সুকান্ত মজুমদার, তাপস রায় বরানগরে পদযাত্রায় অংশ নেন। সেই সময় তৃণমূলের কয়েকজন কর্মী পাশ থেকে ‘জয় বাংলা’ সহ নানা স্লোগান দিলে উত্তেজনা ছড়ায়। দু’পক্ষের মধ্যে বচসা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্রের সমর্থনে এদিন বরানগরের গোপাল লাল ঠাকুর রোড থেকে ডানলপ পর্যন্ত মিছিল হয়।

    উত্তর দমদমের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন নিমতা মাঝেরহাটি এলাকায় জনসংযোগের পাশাপাশি হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে যান। সেখানে তাঁকে মতুয়া সম্প্রদায়ের মানুষজন বরণ করে নেন। সন্ধ্যায় বিশরপাড়ায় কর্মিসভা করেন। সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর আলিপুর সহ নিমতা অঞ্চলে বাড়ি বাড়ি প্রচার করেন। পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত এদিন সকালে ৬ নম্বর ওয়ার্ডে এবং বিকালে ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন। বারাকপুরে এবারও তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। এদিন সকালে বারাকপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ও বিকালে টিটাগড় পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ঢাক-ঢোল, খোল-করতাল নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। ঢাকের তালে তাঁকে নাচতেও দেখা যায়। সিপিএম প্রার্থী সুমন বন্দ্যোপাধ্যায় এদিন বারাকপুরে প্রচার করেন। বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী ১৪ নম্বর রেলগেট, তালপুকুর বাজার, চন্দনপুকুর বাজার এলাকায় ভোট চাইতে হাজির হন।

    নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং ইছাপুর ২০ নম্বর রেলগেট এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে হাজির হয়ে সেখানে মা সারদা ও রামকৃষ্ণ দেবকে প্রণাম করার পর মিশনের কচিকাঁচাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে উত্তর বারাকপুর অঞ্চলে প্রচার করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। খড়দহ ও দমদমেও বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে ঝড় তোলেন।

    দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা না হওয়া প্রসঙ্গে বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, যে কোনোদিন প্রার্থীদের নাম ঘোষণা হবে। উৎসাহী কর্মীরা দেওয়াল লিখন ও জনসংযোগের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। কোথাও কোনো ক্ষোভ নেই।
  • Link to this news (বর্তমান)