রাশিয়া ও আমেরিকা থেকে জ্বালানি বোঝাই জাহাজ ভিড়ল মেঙ্গালুরুতে
বর্তমান | ২৩ মার্চ ২০২৬
নয়াদিল্লি: পশ্চিম এশিয়াজুড়ে যুদ্ধ চলছে। আর তার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ্বালানিতে। কেন্দ্রীয় সরকারের বারংবার আশ্বাস সত্ত্বেও দেশে গ্যাসের সংকট অব্যাহত। এরইমাঝে দিনকয়েক আগে হরমুজ পেরিয়ে গুজরাতে নোঙর করেছিল এলপিজি ট্যাঙ্কার নন্দাদেবী ও শিবালিক। তাতে কিছুটা স্বস্তি মিলেছিল। এবার আরও গ্যাস ও তেল ঢুকল দেশে। কয়েকদিন আগে বেজিংগামী একটি রুশ জাহাজ মাঝসমুদ্রে অভিমুখ বদলে ফেলে। তেলবাহী ওই জাহাজ ইউটার্ন নিয়ে ভারতের দিকে রওনা দিয়েছিল। এবার ওই তেল ট্যাঙ্কার পৌঁছে গেল ভারতের মেঙ্গালুরুতে। শনিবার সন্ধ্যা নাগাদ নিউ মেঙ্গালুরু বন্দরে নোঙর করে ট্যাঙ্কার অ্যাকোয়া টাইটান। মোট সাতটি ট্যাঙ্কার আসার কথা রয়েছে। এর মধ্যে প্রথম অ্যাকোয়া টাইটানই ভারতীয় বন্দরে নোঙর করল। এতে ৭.৭ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। বাকি তেলবাহী জাহাজগুলি কবে ভারতে আসছে, সেই বিষয়টিও এখনও স্পষ্ট নয়।
জানুয়ারি মাসের শেষের দিকে বাল্টিক সাগরের একটি বন্দর থেকে রওনা দিয়েছিল অ্যাকোয়া টাইটান। গন্তব্য ছিল চীনের রিজাও বন্দর। এরইমাঝে যুদ্ধপরিস্থিতিতে রাশিয়ার তেল কেনার উপর ৩০ দিনের ছাড় ঘোষণা করে আমেরিকা। সেইসময় চীনগামী জাহাজ অভিমুখ বদলে ভারতের দিকে এগতে থাকে। সূত্রে খবর, চীন যাওয়ার পথে অন্তত সাতটি রুশ জাহাজ ইউ টার্ন নিয়ে ভারতের দিকে রওনা দিয়েছে। শনিবার প্রথম জাহাজ হিসেবে ভারতে পৌঁছল অ্যাকোয়া টাইটান। আগামী ২৫ মার্চ গুজরাতের সিক্কা বন্দরে নোঙর করতে পারে রুশ তেলবাহী আর একটি ট্যাঙ্কার সুয়েজম্যাক্স জৌজো এন। বাকিগুলি সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। এরইমাঝে এলপিজি নিয়ে আমেরিকা থেকে ভারতে এল পণ্যবাহী জাহাজ। রবিবার জাহাজটি মেঙ্গালুরু বন্দরে ঢোকে। নাম পিক্সিস পায়োনিয়ার। গত ১৪ ফেব্রুয়ারি টেক্সাস থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল এটি। এতে ১৬ হাজার ৭১৪ টন এলপিজি রয়েছে।