• কেন্দ্রীয় বাহিনীর শীর্ষপদে আইপিএসরাই, সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করে নয়া বিল কেন্দ্রের
    বর্তমান | ২৩ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য ক঩রেই নতুন আইন তৈরির পথে মোদি সরকার। বিষয়: কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদে আইপিএসে’র আধিপত্য। আজ সোমবার রাজ্যসভায় এ সংক্রান্ত বিল পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুপ্রিম কোর্ট বলার পরেও তা অবজ্ঞা করে সংসদে বিল পেশের বিরোধিতায় যন্তর মন্তরে ধরনা বিক্ষোভে বসছে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সংগঠন। সংসদেও বিলটির সমালোচনা করবে বিরোধীরা।

    সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, আইটিবিপি এবং এসএসবি—এই পাঁচ কেন্দ্রীয় বাহিনী সংঘাতপূর্ণ এলাকায় কাজ করে। কিন্তু সাধারণত বাহিনীর মধ্য থেকে কেউ শীর্ষ পদে উঠতে পারেন না। ডিজি, এডিজি, এসডিজি’র মতো পদে বসেন আইপিএস। ডেপুটেশনে তাঁদের আনা হয়। বাহিনীর ভিতর থেকে কাউকে শীর্ষপদে পৌঁছানোর সুযোগ না দেওয়ার অভিযোগে বহুদিন ধরে। পাঁচ কেন্দ্রীয় বাহিনীর অন্দরেই এজন্য রয়েছে ক্ষোভ। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়। ২০২৫ সালের মে মাসে শীর্ষ আদালত মোদি সরকারের আর্জি নাকচ করে জানিয়ে দেয়, ধীরে ধীরে আগামী দু বছরে কেন্দ্রীয় বাহিনীতে আইপিএস আধিপত্য কমাতে হবে। কেন্দ্রীয় বাহিনীর ক্যাডারদেরই সুযোগ দিতে হবে। 

    কিন্তু মোদি সরকার সুপ্রিম কোর্টের সেই নির্দেশকেই একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে সংসদে আনছে নতুন বিল। যার নাম ‘দ্য সেন্ট্রাল আমর্ড পুলিশ ফোর্সেস (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) বিল ২০২৬।’ এই বিলের বলে, পাঁচ কেন্দ্রীয় বাহিনীর জন্য যে আইন রয়েছে, সেগুলিকেও এর মধ্যে অন্তর্ভূক্ত করা হবে। বিল আনার পক্ষে সরকারের যুক্তি হল, কেন্দ্র-রাজ্যের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর শীর্ষপদে আইপিএসের ডেপুটেশন বজায় রাখা জরুরি। তাছাড়া কেন্দ্রীয় বাহিনীর সাংগঠনিক কাঠামো ও নেতৃত্ব নিয়ে কোনো স্পষ্ট আইন না থাকায় অহেতুক দিনের পর দিন মামলা বাড়ছে। তাই নতুন আইন এনে শীর্ষপদে পোস্টিং নিশ্চিত করা হবে। 

    সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীতে কাজ করেও শীর্ষপদে পৌঁছাতে না পারার জন্য জওয়ানেদের একাংশে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবুও নতুন বিলে মোদি সরকার স্থির করছে যে, কেন্দ্রীয় বাহিনীর ডিরেক্টর জেনারেল (ডিজি) এবং স্পেশাল ডিরেক্টর জেনারেল (এসডিজি) পদে থাকবেন আইপিএসরাই। তাদের জন্যই ওই পদ সংরক্ষণ করা হবে। একইভাবে ৬৭ শতাংশ অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলের পদও সংরক্ষণ করা হবে আইপিএসদের জন্যই। আইজি (ইন্সপেক্টর জেনারেল) পদের ৫০ শতাংশ সংরক্ষণ করা হবে আইপিএসের জন্য। ফলে, নির্বাচনী ডিউটি থেকে মাওবাদী দমন, সন্ত্রাসবাদী খতম থেকে সংসদ ভবন পাহারা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরলস দায়িত্বপালন করলেও, নিজেদের সংস্থার শীর্ষপদে ছড়ি ঘোরাবে কিন্তু সেই ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অর্থাৎ আইপিএস’রাই। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে সংসদে বিল এনে সেই সিলমোহরই লাগাতে চলেছে মোদি সরকার। 
  • Link to this news (বর্তমান)