• ডিএমকের ‘দাদাগিরি’তে ক্ষোভ, ভোটের মুখেই জোট ছাড়ল শরিক
    বর্তমান | ২৩ মার্চ ২০২৬
  • চেন্নাই: ঠিক একমাস পর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। এর মধ্যেই বিপাকে ডিএমকে নেতৃত্বাধীন জোট। ‘বড়ো শরিক’ ডিএমকের আচরণ নিয়ে প্রশ্ন তুলে জোট ছাড়ার কথা ঘোষণা করল তামিলাগা ভাঝভুরিমাই কাচ্চি (টিভিকে)। দলের প্রতিষ্ঠাতা টি ভেলমুরুগান বলেন, ‘বিধানসভা নির্বাচনের আসন সমঝোতার সময় আমাদের একটি আসন দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা সামাজিক ন্যায়বিচার সহ একাধিক দাবি তুলেছি। কিন্তু আমাদের বলা হয়েছে, অন্য দলগুলি যখন কোনো দাবি করছে না, তাহলে আমরা কেন সরব হচ্ছি! কিন্তু আমি সরকারের কাছে আমাদের কয়েকটি দাবি পূরণের আরজি জানিয়েছিলাম। কিন্তু ডিএমকে সেকথা কানে তোলেনি।’ এর মধ্যেই অবশ্য জোটসঙ্গী সিপিএমকে পাঁচটি আসন ছাড়ার কথা জানিয়েছে ডিএমকে।

    ভেলমুরুগানের দল ডিএমকে জোট ছাড়লেও বিরোধী এনডিএতে যোগদানের সম্ভাবনা খারিজ করে দিয়েছে। ভেলমুরুগান জানিয়েছেন, তাঁরা নতুন জোট গড়ার পরিকল্পনা করছেন। ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে এনিয়ে আলোচনাও চলছে।

    অন্যদিকে, সিপিএমের রাজ্য সম্পাদক পি সান্মুগান জানিয়েছেন, আসন্ন তামিলনাড়ু নির্বাচনে আসন সমঝোতা নিয়ে গত ২০ দিন ধরে ডিএমকের সঙ্গে আলোচনা চলছিল। এবার সেই আলোচনায় যোগ দিলেন ডিএমকে সভাপতি তথা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এব্যাপারে সাংবাদিকদের সান্মুগান বলেন, ‘এই প্রথমবার মুখ্যমন্ত্রী জোট শরিকদের আলোচনায় অংশ নিয়েছিলেন। তিনি আমাদের পাঁচটি আসন ছাড়ার প্রস্তাব দেন। বাম নেতা আরও জানান, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিপিআই ও সিপিএম উভয়েই ছ’টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবারও দশের বেশি আসন চেয়েছিল সিপিএম। কিন্তু, ডিএমকে জানিয়েছে, আরও একাধিক দল জোটে যোগ দেওয়ায় বেশি সিট দেওয়া সম্ভব নয়।
  • Link to this news (বর্তমান)