চাকরির নামে ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ‘ভুয়ো’ আইপিএস
বর্তমান | ২৩ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: আইপিএস পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জি কানহা পাত্র। তাঁর বাড়ি ওড়িশায়। রবিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
জানা গিয়েছে, অশোকনগরের এক তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ধৃতের। নিজের ফেসবুক পেজেও পুলিশের উর্দি ও আইপিএস ব্যাচ লাগানো ছবি পোস্ট করেছিলেন জি কানহা পাত্র। অশোকনগরের ওই তরুণী ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। সেই অনুরোধ গ্রহণ করে তিনি ওই তরুণীর সঙ্গে কথাবার্তা চালিয়ে গেছেন। নিজেকে আইপিএস পরিচয় দিয়ে পুলিশে চাকরি দেওয়ার নাম করে তরুণীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ। শেষে প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই শনিবার তরুণী লিখিত আভিযোগ দায়ের করেন অশোকনগর থানায়।
অভিযোগের তদন্তে নেমে এদিন ভুয়ো আইপিএস অফিসারকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানতে পারে, এর আগেও প্রতারণার অভিযোগে জি কানহা পাত্রকে গ্রেপ্তার করেছিল পুলিশ। -নিজস্ব চিত্র