মাছ হাতে সল্টলেকে ‘অভিনব’ প্রচার বিজেপির, গুজব-রটনা বন্ধ করে বাঙালিদের মন জয়ই লক্ষ্য প্রার্থী শারদ্বতের
বর্তমান | ২৩ মার্চ ২০২৬
অলকাভ নিয়োগী, বিধাননগর: ‘মৎস্য মারিব, খাইব সুখে’। বাঙালির সঙ্গে মাছের সম্পর্ক চিরন্তন। তা নিত্যদিনের রুই-কাতলাই হোক কিংবা পদ্মাপারের ইলিশ। ভাতের সঙ্গে একটুকরো মাছ ছাড়া বাঙালি যেন অচল। বাঙালি বরাবরই মাছে-ভাতে। গত বছর দিল্লিতে বাঙালি অধ্যুষিত এলাকায় মাছের বাজার বন্ধ করার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে কলকাতার ব্রিগেড ময়দানে গীতাপাঠ কর্মসূচিতে চিকেন থাকার অভিযোগে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছিল। আমিষের সেই আঁচ যাতে ইভিএমে না পড়ে, তাই নির্বাচনী প্রচারে অভিনব কৌশল নিল বিজেপি। কার্যত বাঙালিদের মন টানতে এবার মাছ হাতে সল্টলেকে নির্বাচনী প্রচার করলেন বিজেপি প্রার্থী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। মাছ হাতে নিয়ে তিনি বললেন, মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালি বাঁচতে পারে না!
বিধাননগর বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছেন চিকিৎসক শারদ্বতবাবু। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা তিনবারের বিধায়ক সুজিত বসু। রয়েছেন সিপিএমের তরুণমুখ বিশিষ্ট আইনজীবী সৌম্যজিৎ রাহা। রবিবার ছিল ছুটির দিন। সবপক্ষই বর্ণাঢ্য প্রচারের আয়োজন করেছিল। তবে, এদিন সল্টলেকে বিজেপি প্রার্থীর জনসংযোগ ছিল একেবারে অন্যরকম। একটি বড়ো সাইজের কাতলা মাছ নিয়েই বেরিয়েছিলেন শারদ্বতবাবু। কাতলার কানকোয় দড়ি বাঁধা। সেই দড়ি হাতে ঝুলিয়ে তিনি ঘুরেছেন বিভিন্ন এলাকায়। কাতলা হাতে নিয়েই তাঁকে ভোটারদের নমস্কার করতে দেখা গিয়েছে।
উন্নয়নের ফিরিস্তি বা চাকরি-কারখানার প্রতিশ্রুতি নয়। এসআইআর সমস্যাও নয়। ভোটের প্রচারে মাছ কেন? সংবাদমাধ্যমের কাছে তার উত্তরও দিয়েছেন বিজেপি প্রার্থী। তাঁকে বলতে শোনা গিয়েছে, মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালি চলতে পারে না। আমি নিজে এদিন কাতলা মাছ হাতে নিয়ে প্রচারে বেরিয়েছি। কাতলার পেটি আমার খুব প্রিয়। এখন একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা নাকি ক্ষমতায় এলে মাছ-ভাত খেতে দেব না। এসব মিথ্যা রটনা। তিনি বলেন, যে কোনো শুভ কাজে মাছ ব্যবহার করা হয়। যাকে বলে মৎস্যমুখ। ১৫ বছরের অপশাসনকে দূর করতে শুভ কাজের সূচনা। তাই মাছ হাতে নিয়ে বেরিয়েছি।
তৃণমূল প্রার্থী সুজিত বসু এদিন মেগা র্যালি করেন। হুডখোলা জিপের পিছনে কয়েক হাজার কর্মী-সমর্থক। সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করেন। এদিন বর্ণাঢ্য র্যালি করেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সিও। জনসংযোগ করেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। সিপিএম প্রার্থী শুভজিৎ দাশগুপ্তও জনসংযোগে নামেন। রাজারহাট-নিউটাউনের সিপিএম প্রার্থী সপ্তর্ষী দেব এদিন নিউটাউনে মহিলা ঢাকি সহযোগে অভিনব প্রচার ও জনসংযোগ করেন। কর্মীদের নিয়ে মিছিল করেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়া। তবে যাই হোক, নজর কেড়েছে কাতলা হাতে অভিনব প্রচার!