আর জি কর: বারবার হাতবদল হয়েছে লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্ব, বিতর্ক
বর্তমান | ২৩ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর মেডিকেল কলেজে লিফটের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ভার একটি প্রাইভেট সংস্থাকে দিয়েছিল পূর্তদপ্তর। সেই সংস্থা আবার সেই দায়িত্ব নিজের কাঁধে না রেখে ‘সাব কনট্রাক্ট’ দেয় অন্য একটি সংস্থাকে। এভাবে হাসপাতালের লিফটের মতো অত্যন্ত স্পর্শকাতর যন্ত্রের দায়িত্ব হাতবদল হতেই থেকেছে। তদন্তে নেমে একথা জানতে পেরেছে পুলিশ। শুধু তাই নয়, দ্বিতীয় সংস্থার লিফট দক্ষভাবে পরিচালনার অভিজ্ঞতাই ছিল না। প্রশিক্ষণহীন লোকজনকে দিয়ে লিফটের মেরামতির কাজ চালাত তারা। এমনই তথ্য উঠে আসছে। লিফটের লাইসেন্স নবীকরণ হয়েছে কি না, পুরসভার কাছ থেকে সেই তথ্যও আনা হচ্ছে। হাসপাতালে লিফট মেরামতির দায়িত্বে থাকা সমস্ত টেকনিশিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে। লিফটের বাইরের গেট তালাবন্ধ থাকাও অরূপ বন্দ্যোপাধ্যয়ের শোচনীয় মৃত্যুর অন্যতম কারণ। তালা কে বা কারা লাগিয়েছিল, সেই খবর নেওয়া হচ্ছে। আজ সোমবার, দীর্ঘদিন পর রোগী কল্যাণ সমিতির বৈঠক হতে পারে।