• নয়া রেকর্ড নরেন্দ্র মোদির
    বর্তমান | ২৩ মার্চ ২০২৬
  • নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে নয়া পালক। নির্বাচিত সরকারের প্রধান পদে সর্বাধিক দিন থাকার নয়া নজির গড়লেন তিনি। পিছনে ফেলে দিলেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংকে। হিমালয়ের কোলের রাজ্য সিকিমে প্রায় ২৪ বছর মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলেছিলেন চামলিং। তাঁর ৮ হাজার ৯৩০ দিনের সরকারের প্রধান থাকার রেকর্ড রবিবার টপকে গেলেন মোদি। চামলিংয়ের আগে এই রেকর্ড ছিল পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর। তিনি ৮ হাজার ৫৩৮দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও ৮ হাজার ৮৬৪দিন পদে ছিলেন। তিনি জ্যোতি বসুকে টপকালেও ভাঙতে পারেননি চামলিংয়ের রেকর্ড। গুজরাতের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি নির্বাচিত সরকারের প্রধান পদে কাটিয়ে ফেললেন ৮ হাজার ৯৩১ দিন। কেশুভাই প্যাটেলকে সরিয়ে ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের তখতে বসেন তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ২১ মে গুজরাতের দায়িত্ব ছাড়েন মোদি। মাঝে ২০০২, ২০০৭ এবং ২০১২ সালে ভোটে জেতেন তিনি। এরপর প্রধানমন্ত্রী হিসেবে ২০১৯ এবং ২০২৪ সালেও তিনি ভোট বৈতরণী সাফল্যের সঙ্গে পার হন। এই মাইলস্টোন স্পর্শ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দেশের স্বার্থকে অগ্রাধিকার, কাজের সততা, প্রত্যেক নাগরিকের প্রতি নিরলস পরিষেবাই প্রতিফলিত হয়েছে এই সাফল্যে।’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দেশ এবং জনগণের প্রতি তাঁর দায়িত্ববোধের একনিষ্ঠতার প্রমাণেই এই সাফল্য এসেছে।’ সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের নিরিখে তিনি ছাপিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। ইনস্টাগ্রামে মার্কিন প্রেসিডেন্টের ফলোয়ার ৪ কোটি ৩০ লক্ষ। আর প্রধানমন্ত্রী মোদিই প্রথম রাজনৈতিক নেতা যাঁর ফলোয়ার ১০ কোটি ছাপিয়ে গিয়েছে। উল্লেখ্য, মোদিই প্রথম প্রধানমন্ত্রী যাঁর জন্ম স্বাধীন ভারতে। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাতের ভাদনগরে জন্ম তাঁর। 
  • Link to this news (বর্তমান)