এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি, থিতিয়ে পদ্মের প্রচার
বর্তমান | ২৩ মার্চ ২০২৬
সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: কোচবিহার দক্ষিণ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী কে হবেন? ভোট ঘোষণার পর এক সপ্তাহ কেটে গিয়েছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস জেলার ৯ আসনে প্রার্থী ঘোষণা করে প্রচারে ঝাঁপিয়েছে। বামেরা সিতাই বাদে বাকি সবক’টিতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আর এই আবহে বিজেপি এখনো জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন কোচবিহার দক্ষিণের প্রার্থীর নামই ঠিকই করতে পারেনি। এই আসনে কোচবিহার শহর পুরোটাই পড়ে। ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল ও ফরওয়ার্ড ব্লক নিয়মিত প্রচার চালাচ্ছে। সেখানে প্রার্থী স্থির না হওয়ায় বিজেপি এখনো এই কেন্দ্রে সেভাবে প্রচারেই নামতে পারেনি। এই পরিস্থিতিতে দলীয় কোন্দল মিটিয়ে প্রার্থী ঠিক করা নিয়ে বিজেপি কার্যত হিমশিম খাচ্ছে। যা নিয়ে দলের অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করেছে।
শুধু কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র নয়, জেলার সিতাই, নাটাবাড়িতেও বিজেপি এখনো প্রার্থী দিতে পারেনি। তৃণমূল যেখানে প্রথম পর্বের প্রচার জোরকদমে চালিয়ে যাচ্ছে সেখানে এই তিন আসনে পদ্ম শিবিরের কর্মীরা কার্যত হাতগুটিয়ে বসে থাকছেন। ফলে প্রথম ধাপের প্রচারে সংশ্লিষ্ট তিন আসনে অনেকটাই এগিয়ে তৃণমূল-ফব। তাদের প্রার্থীরা দিন-রাত ময়দান চষে বেড়াচ্ছেন। যদিও বিজেপি শিবিরের দাবি, ওই তিন আসনে খুব দ্রুত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, দল কোচবিহার দক্ষিণ, সিতাই ও নাটাবাড়ি আসনে খুব দ্রুত প্রার্থীর নাম ঘোষণা করবে। বিষয়টি দলের একেবারে শীর্ষ নেতৃত্ব দেখছে। এখনও প্রচারের জন্য যথেষ্ট সময় রয়েছে। ফলে কোনো অসুবিধা হবে না।
কোচবিহার দক্ষিণ আসনটি গত পাঁচবছর ধরে বিজেপির দখলে। বিধায়ক নিখিলরঞ্জন দে এবার ভোটে দাঁড়াবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি নাটাবাড়ি আসনটিও বিজেপির দখলে। সেখানকার বিধায়ক মিহির গোস্বামীকে গত পাঁচ বছরে তাঁর বিধানসভা এলাকায় খুব একটা দেখা যায়নি বলে বিরোধীরা বহুবার অভিযোগ তুলেছে। তাঁকে শাসকদলের নেতারা ‘সুইচড অব এমএলএ’ বলে কটাক্ষ করেন। এই বিষয়টি নিয়ে বিজেপির অন্দরেও ক্ষোভ রয়েছে। এই অবস্থায় মিহিরবাবু ওই কেন্দ্র থেকে ফের টিকিট পাবেন কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও মিহিরবাবু বলেন, টিকিট পাওয়ার ব্যাপারে আমার আশা-নিরাশা কোনোটাই নেই। দল যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত।
এদিকে, সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপির সংগঠন খুবই দুর্বল। গত বিধানসভা উপনির্বাচনে সেখানে পদ্ম প্রার্থী বিপুল ভোটে পরাজিত হন। তারপরেও বিজেপি সেখানে সংগঠন মজবুত করতে পারেনি। কোচবিহারের সাংসদ তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার শক্তঘাঁটি সিতাইতে এবারো তৃণমূল টিকিট দিয়েছে বর্তমান বিধায়ক সঙ্গীতা রায়কে। সংশ্লিষ্ট আসনেও বিজেপি তাদের প্রকাশিত দু’টি তালিকায় প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি।