• ইটাহারে কলেজের পরীক্ষার দিনই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক তরজা
    বর্তমান | ২৩ মার্চ ২০২৬
  • দিবাকর মজুমদার, ইটাহার: পরীক্ষার দিনই আজ, সোমবার ডঃ মেঘনাদ সাহা কলেজে নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এনিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নির্বাচনি বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। অভিযোগ, ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর সরকারি টাকায় কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন কীভাবে এই অনুষ্ঠান করার অনুমতি দিলেন? পরীক্ষার দিন কলেজ কর্তৃপক্ষ কেন অনুষ্ঠানের আয়োজন করল, তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। অনুষ্ঠান বন্ধের দাবিতে এবিভিপি ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে ই-মেলে লিখিত অভিযোগ জানিয়েছে। ফোন না তোলায় এবিষয়ে কলেজের ভাইস প্রিন্সিপাল মুকুন্দ মিশ্রর প্রতিক্রিয়া মেলেনি। মেসেজেরও উত্তর দেননি। যদিও এবিভিপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী মোশারফ। তিনি বলেন, ভোট ঘোষণার আগেই বোর্ড মিটিং করে অনুষ্ঠানের রেজোলিউশন সহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। কিন্তু কিছু সমস্যার জন্য সেসময় অনুষ্ঠান করা যায়নি। তাই কলেজ ও স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি মিলে এখন সেই অনুষ্ঠান করছে। ফলে এই অনুষ্ঠানের সঙ্গে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের কোনো বিষয় নেই।

    আজ, কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে দুপুর দেড়টা থেকে। অনুষ্ঠানের উদ্বোধক তৃণমূল প্রার্থী তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী একই দিনে দু’ধাপে রয়েছে কলেজের তৃতীয় সেমেস্টারের পরীক্ষাও। প্রথম ধাপের পরীক্ষার সময় সকাল ১০ থেকে দুপুর দেড়টা। দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষ হবে বিকেল পাঁচটায়। পরীক্ষার দিন কেন সাংস্কৃতিক অনুষ্ঠান তা নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক।

    এবিভিপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শুভব্রত অধিকারীর প্রশ্ন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হলে একই সময়ে কলেজে কীভাবে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলেছেন ছাত্র সংগঠনটি। একই সঙ্গে শুভব্রতর অভিযোগ, ভোট ঘোষণার পর কীভাবে সরকারি টাকা খরচ করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দিলেন তৃণমূল প্রার্থী তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি। এবিভিপির দাবি, পরিচালন সমিতির সভাপতি হওয়ার সুবাদে তৃণমূল প্রার্থী কলেজ কর্তৃপক্ষকে কাজে লাগিয়ে কলেজ পড়ুয়া ভোটারদের প্রভাবিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। যা নির্বাচনি আদর্শ আচরণ বিধির বিরুদ্ধে।

    কলেজে অনুষ্ঠান করা নিয়ে এবিভিপির আপত্তি নেই। কিন্তু পরীক্ষা চলাকালীন এবং নির্বাচনের আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পর এই অনুষ্ঠান কেন করা হচ্ছে তা নিয়ে সরব হয়েছে ছাত্র সংগঠনটি। অনুষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়েছে তারা। পরিচালন সমিতির সভাপতি মোশারফ বলেন, যতটুকু জানি পরীক্ষার পরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। • ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)