নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: টানা রোদে হনহনিয়ে হেঁটে চলেছেন তিনি। পরনে সাদা শাড়ি, হাতে তৃণমূলের পতাকা। বরাবরই হেঁটে জনসংযোগ করেন মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায়। রবিবার ছুটির দিনে জিয়াগঞ্জের অলিগলি চষে বেড়ালেন তিনি। কখনো বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মহিলাদের সঙ্গে কথা বলেছেন। আবার কখনো পাড়ার মোড়ে বয়স্কদের সঙ্গে কথা বলতে বলতেই পায়ে হাত দিয়ে প্রণাম সেরে নিয়েছেন। বাজারে দোকানে দোকানে ঢুকে বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিবিড় জনসংযোগ করলেন তিনি। জিয়াগঞ্জের পদমপুরে দেওয়াল লেখেন। শাওনির প্রচার ঘিরে শাসকদলের মহিলা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
শাওনি বলেন, সমস্ত মানুষের কাছে যাচ্ছি। বাড়ি বাড়ি গিয়ে কথা বলছি। রবিবার ছুটির দিনে বাড়িতে পুরুষরাও ছিলেন। তাঁদের সঙ্গেও কথা বলেছি। আমাদের মিছিলে প্রতিটি জায়গায় প্রচুর মহিলা ভিড় করেছেন। সোমবার জিয়াগঞ্জ শহরের ৫নম্বর ওয়ার্ডে জনসংযোগ ও বাড়ি বাড়ি প্রচার করব।
মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষও এদিন সকাল থেকে দুপুর অবধি লালবাগের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। বিকালে কুর্মিটোলায় একটি কীর্তনের অনুষ্ঠানে যোগ দেন। গৌরীশঙ্করবাবু বলেন, বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি কর্মিসভা করছি। ফরওয়ার্ড ব্লক প্রার্থী আবদুল মান্নান এদিন লালবাগ শহরের গোলাপবাগে দলীয় কার্যালয়ে নির্বাচনি বৈঠক করেন।
জঙ্গিপুর মহকুমাতেও শাসকশিবির প্রচারে ঝাঁপিয়েছে। জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেন সূতির আহিরণে প্রচার করেন। সূতির ইমানী বিশ্বাস নিজ বিধানসভার সাদিকপুরে প্রচার সারেন। ফরাক্কার আমিরুল ইসলাম নিশিন্দ্রায় ও সাগরদিঘির বাইরন বিশ্বাস কাবিলপুরে প্রচার করেন। বিকালে রঘুনাথগঞ্জে সন্মতিনগরে কর্মীদের নিয়ে বৈঠক করেন রঘুনাথগঞ্জের তৃণমূল প্রার্থী আখরুজ্জামান। পিছিয়ে নেই বিরোধীরাও। এদিন সূতিতে বিজেপির মহাবীর ঘোষ জগতাই ও হাঁপানিয়ায় প্রচার সারেন। ফরাক্কার দীপচন্দ্রপুরে সিপিএম প্রার্থী মোজাফফর হোসেন প্রচার চালান।
এদিন ডোমকল মহকুমাজুড়ে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে ঝড় তোলেন। সকাল থেকেই জলঙ্গি বিধানসভার বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি ভোটপ্রচার করেন তৃণমূল প্রার্থী বাবর আলি। ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর বিভিন্ন এলাকায় দাপিয়ে প্রচার চালান। রানিনগরের ঘাসফুল প্রার্থী সৌমিক হোসেন ইসলামপুরের পাহাড়পুরে প্রচার করেছেন।
রবিবার দিনভর বাম ও বিজেপিকেও প্রচার করতে দেখা যায়। এদিন বিকালে রানিনগরের বিভিন্ন এলাকায় যৌথভাবে প্রচার সারেন জলঙ্গি ও রানিনগরের সিপিএম প্রার্থী ইউনুস আলি সরকার ও জামাল হোসেন। জলঙ্গির বিজেপি প্রার্থী নবকুমার সরকারও বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার করেছেন। নবগ্রামের তৃণমূল প্রার্থী প্রণবচন্দ্র দাস পাঁচগ্রাম মোড় লাগোয়া এলাকা এবং মহরুলে জনসংযোগ করেন। প্রবীণদের প্রণাম করে আশীর্বাদ নেন। ভগবানগোলার সিপিএম প্রার্থী মাহামুদাল হাসান বাহাদুরপুরে প্রচার করেন। ভরতপুরের তৃণমূল প্রার্থী মোস্তাফিজুর রহমান সালারে জনসংযোগ করেছেন। বিকালের দিকে খড়গ্রামের তৃণমূল প্রার্থী আশিস মার্জিত আতাইগ্রামে হরিনাম সংকীর্তনের আসরে গিয়ে জনসংযোগ সারেন। সেখানকার বিজেপি প্রার্থী মিতালি মাল হরিপুরে বাড়ি বাড়ি প্রচার করেছেন। খড়গ্রামের সিপিএম প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা এদিন কল্যাণপুর পঞ্চায়েতে প্রচার করেন। তিনি বলেন, কেন্দ্র এবং রাজ্যের দুই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধেই আমাদের লড়াই। প্রচারে বেরিয়ে মানুষের ভালো সাড়া পাচ্ছি।