লাভলি বনাম রূপা, প্রার্থী ঘোষণা হতেই জমজমাট লড়াই শুরু সোনারপুর দক্ষিণে
বর্তমান | ২৩ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দু’জনেই জনপ্রিয় অভিনেত্রী। তবে অভিজ্ঞতার ফারাক রয়েছে। সেই দু’জন এবার সম্মুখ সমরে। ২০২১ সালের পর ২০২৬ সালের বিধানসভা ভোটেও সোনারপুর দক্ষিণে ‘তারকাদের লড়াই’ দেখতে চলেছেন ভোটাররা। এই কেন্দ্রে তৃণমূল আগেই লাভলি মৈত্রকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিজেপি এই আসনে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করার কথা জানায়। পদ্ম শিবির ও ঘাসফুল শিবিরের তারকা প্রার্থীদের আড়ম্বরের মধ্যেও নজর কাড়ছেন বামেদের সিপিআই প্রার্থী পারমিতা দাশগুপ্ত। প্রচারের আলোয় না থেকে নিঃশব্দে নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু। সেবারই প্রথম রূপালি পর্দার তারকাদের লড়াই দেখেছিল সোনারপুর দক্ষিণ। দুই তারকা প্রার্থীর লড়াইয়ের মাঝে কার্যত হারিয়ে গিয়েছিলেন বাম প্রার্থী। এবারও সেরকম কিছু হবে না তো? সিপিআই প্রার্থীর দাবি, ‘এখানে তারকা নয়, রুজি-রুটির লড়াই হচ্ছে। আমরা শূন্য থাকি কি এক, মানুষের পাশে সর্বদা বামেরা ছিল, আছে এবং থাকবে।’ তবে এই কেন্দ্রে যে সেয়ানে সেয়ানে লড়াই হতে চলেছে, মানছেন এলাকার মানুষজন। বিজেপির হয়ে রূপাদেবী দাঁড়ানোয় বেশ উজ্জীবিত পদ্মপার্টির কর্মীরা। স্থানীয় হওয়ার সুবাদে এলাকাও তাঁর চেনা। মাটি কামড়ে পড়ে আছেন লাভলিও। ভোট ঘোষণার আগে থেকেই তিনি জনসংযোগ শুরু করে দিয়েছেন। এদিনও প্রস্তুতি সভা করেছেন রাজপুরে। বিজেপি প্রার্থী প্রচারে নামার আগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন। দু’তিনদিন ঘরোয়া বৈঠকের পর তিনি প্রচারে নেমে পড়বেন বলে জানিয়েছেন রূপাদেবী। সিপিআই প্রার্থী ছোটো ছোটো মিটিং, প্রস্তুতি সভা করছেন। আগামী রবিবার হরিনাভি থেকে মিছিল করার কথা রয়েছে তাঁর।
রূপাদেবীর ভোটে দাঁড়ানো নিয়ে লাভলির বক্তব্য, ‘যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তারকা বলে আলাদা করে গুরুত্ব দিতে হবে, এমনটা নয়। তাঁর প্রতি শুভেচ্ছা রইল।’ বিজেপি প্রার্থীর তরফেও বাড়তি কোনো বার্তা দেওয়া হয়নি। রূপাদেবী জানিয়েছেন, সোনারপুর দক্ষিণে এবার তিনজনই মহিলা প্রার্থী। কারও সঙ্গে তাঁর ব্যক্তিগত লড়াই নেই।