নাগরিকত্ব পেলেও ভোটার তালিকায় নাম তোলা নিয়ে চিন্তায় বহু বাসিন্দা
বর্তমান | ২৩ মার্চ ২০২৬
সংবাদদাতা, বনগাঁ: এসআইআর পর্বের শেষে চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই বাগদা বিধানসভা কেন্দ্রের বহু বাসিন্দার। তালিকা থেকে বাদ যাওয়া ভোটারের সিংহভাগই মতুয়া। তাঁদের অধিকাংশই দেশ ভাগের সময় এদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলও সিএএ-তে আবেদন করার ফলে ভোটের আগে বেশ কয়েকজন বাসিন্দা পেলেন নাগরিকত্বের শংসাপত্র। আশাবাদী তাঁরা, এবার মিলবে ভোটাধিকার। বাগদার সন্তোষা কলোনি, গাদপুকুরিয়া, গোয়ালবাগির বেশ কয়েকজন নাগরিকত্ব পেয়েছেন বলে জানা গিয়েছে। ১৯৯১ সালে বাংলাদেশ থেকে এদেশে আসেন বিমলকৃষ্ণ বিশ্বাস। বাগদার উত্তর পাঁচপোতা এলাকায় থাকতে শুরু করেন। দীর্ঘদিন পর ভোটার তালিকায় নাম তুললেও এসআইআর পর্বের শেষে তালিকা থেকে নাম কাটা যায় তাঁর। গত আগস্ট মাসে অনলাইনে সিএএতে আবেদন করেছিলেন তিনি। বৃহস্পতিবার জানতে পারেন, তিনি নাগরিকত্ব পেয়েছেন। বিমলবাবু বলেন, এসআইআরে নাম বাদ গিয়েছিল। এবার নাগরিকত্ব পেয়েছি। আশা করছি এরপর ভোটার তালিকাতেও নাম উঠবে। নাগরিকত্ব পেয়েছেন বাগদার উত্তর পাঁচপোতার বাসিন্দা লক্ষ্মণ ভদ্র। সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন দাদা প্রেমচাঁদ ভদ্র। এসআইআরে ভোটার তালিকা থেকে লক্ষণ ভদ্রের নাম কাটা গেলেও বিচারাধীন রয়েছে প্রেমচাঁদ ভদ্রের নাম।
জানা গিয়েছে, বাগদা বিধানসভার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের সন্তোষা কলোনি, গাদপুকুরিয়া, গোয়ালবাগী এলাকার ১০ থেকে ১২ জন বাসিন্দা সাম্প্রতি সিএএ শংসাপত্র হাতে পেয়েছেন। কিন্তু এঁদের অনেকেরই নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। অনেকেই বিচারাধীন রয়েছেন। সিএএ শংসাপত্র হাতে পেয়ে বাসিন্দারা জানান, নাম তোলার জন্য তাঁরা ৬ নম্বর ফর্ম জমা দিয়েছেন। শুনানিতে শংসাপত্র দেখাবেন তাঁরা। সিএএ শংসাপত্র পাওয়া প্রসঙ্গে মমতা ঠাকুর বলেন, আমি এবিষয়ে কিছু জানি না। বিষয়টি সম্পর্কে খোঁজ নেবো। তবে এই শংসাপত্র দাখিল করে ভোটার তালিকায় নাম উঠবে কি না তা নিয়ে চিন্তায় অনেকেই। এবিষয়ে বনগাঁ মহকুমা শাসক শুভম মৌর্য বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করা হবে।