• নির্বাচনি প্রস্তুতি সরেজমিনে দেখতে কেন্দ্রগুলি চষে বেড়াচ্ছেন পর্যবেক্ষকরা
    বর্তমান | ২৩ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নজিরবিহীনভাবে মনোনয়ন পর্বের আগেই বিধানসভা কেন্দ্রগুলিতে পৌঁছে গিয়েছেন ভিন রাজ্য থেকে আসা পর্যবেক্ষকরা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩১টি বিধানসভা কেন্দ্রেই ঘাঁটি বানিয়েছেন তাঁরা। অফিসঘরে বসে না থেকে এলাকা ঘুরতে শুরু করেছেন ওই অফিসাররা। কেউ ভোট কেন্দ্রের হাল দেখছেন, কেউ সার্বিক নির্বাচনের প্রস্তুতি কেমন হয়েছে, সেটা সরেজমিনে খতিয়ে দেখছেন। সব দেখে তাঁরা রিপোর্ট জমা দেবেন নির্বাচন কমিশনে। কোনো খামতি ধরা পড়লে সেই মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। ভোট ঘোষণার দু’দিনের মাথায় এই জেলায় পা রেখেছেন বিভিন্ন পর্যবেক্ষক। প্রশাসনের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেছেন তাঁরা। এখন ব্লক অফিসের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার মধ্যে হোটেলে থাকছেন। রোজই ঘুরে ঘুরে বিভিন্ন এলাকা দেখছেন তাঁরা। এক ব্লক আধিকারিকের কথায়, ভোট কেন্দ্রে পরিকাঠামো ঠিক আছে কি না, সেটা যেমন দেখছেন তাঁরা, তেমনই নির্বাচন সম্পর্কিত অন্যান্য কাজের অগ্রগতি নিয়েও খোঁজখবর করছেন। এছাড়া কেউ কেউ আবার স্পর্শকাতর হিসাবে চিহ্নিত এলাকাগুলিতে পৌঁছে যাচ্ছেন সেখানকার হালহকিকত জানতে। পুলিশ ও ব্লকের কিছু আধিকারিককে নিয়ে এলাকা চষে বেড়াচ্ছেন এইসব পর্যবেক্ষক। একটি বিধানসভা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি কেমন, কোথাও ফাঁক আছে কি না, প্রভৃতি এই ভিন রাজ্যের আমলাদের থেকেই জানবে কমিশন। 
  • Link to this news (বর্তমান)