ভোট প্রস্তুতি: ৩ থানা পরিদর্শন প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজির
বর্তমান | ২৩ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বারুইপুর: নির্বাচনের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার বারুইপুর, সোনারপুর ও নরেন্দ্রপুর থানা পরিদর্শন করলেন ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বারুই। সঙ্গে ছিলেন বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় আধিকারিকদের। ডিআইজি বলেন, ভয়মুক্ত পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচন কমিশনের দেওয়া ছয় দফা নির্দেশ একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
জানা গিয়েছে, প্রতি থানার ভৌগোলিক অবস্থান ও সেখানকার রাজনৈতিক পরিস্থিতি, স্পর্শকাতর এলাকা প্রভৃতি বিষয়গুলি থানার অফিসারদের সঙ্গে কথা বলে বুঝে নেন ডিআইজি। ভাঙড়ে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, সে ব্যাপারেও ওয়াকিবহাল তিনি। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ডিআইজি বলেন, ভোটের আগে যতটা সম্ভব বেআইনি অস্ত্র, বোমা ও কার্তুজ উদ্ধার করার কাজ চলছে। ভোটে যাতে কোনো হিংসার ঘটনা না ঘটে, তা দেখা হবে।
প্রসঙ্গত, বারুইপুর পুলিশ জেলার অধীনে সুন্দরবনের আন্তর্জাতিক জল সীমানা রয়েছে। সুন্দরবন উপকূল থানার অধীনে সেই নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে বলে এদিন জানান পুলিশ সুপার। তাঁর বক্তব্য, এখন নদীতে বোটের মাধ্যমে টহল চলছে দুই বেলা করে। বিভিন্ন এলাকায় বাহিনীর রুট মার্চ শেষ হয়েছে। ভোটের আগে ফের সেইসব এলাকায় তারা টহল দেবে।
এদিকে, কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অজয়কুমার নন্দা। রবিবার দুপুরে তিনি ভাঙড়ে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন। ভাঙড় ডিভিশনের সমস্ত থানার ওসি এবং ডিসিদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কঠোরভাবে নির্বাচন পরিচালনার নির্দেশ দেন পুলিশ কমিশনার। সব মিলিয়ে কড়া হাতে ভাঙড়ে কলকাতা পুলিশ ভোট পরিচালনা করবে, এমনই আভাস মিলল এদিন। -নিজস্ব চিত্র