• লিফটের সুরক্ষা নিয়ে আজ বৈঠকে RG KAR কর্তৃপক্ষ
    এই সময় | ২৩ মার্চ ২০২৬
  • এই সময়: লিফট বিপর্যয়ে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু আরজি করের (RG KAR) সুরক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে এবং আগামী দিনে এই রকমের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আজ, সোমবার বৈঠকে বসছেন আরজি কর হাসপাতাল (RG KAR HOSPITAL) কর্তৃপক্ষ। বৈঠকে থাকবেন রোগীকল্যাণ সমিতির সদস্যরাও। হাসপাতালে থাকা ২২টি লিফটের বর্তমান অবস্থা খতিয়ে দেখা এবং সেগুলির নিরাপত্তা সুনিশ্চিত করাই এই বৈঠকের মূল লক্ষ্য। একই সঙ্গে বৈঠকে আলোচনা হবে হাসপাতালের সামগ্রিক সুরক্ষা নিয়েও।

    লিফট বিপর্যয়ে দমদমের (DUMDUM) জ পুর রোডের বাসিন্দা অরূপের মৃত্যুর ঘটনার একটি প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্যভবনে জমা দিয়েছেন আরজি কর কর্তৃপক্ষ। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, ২ মার্চ দুর্ঘটনাগ্রস্ত লিফটির স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল। প্রত্যেক ৩০ দিন অন্তর লিফটের যান্ত্রিক ব্যবস্থা পরীক্ষা করা হয়। মাসে একদফা প্রতিটি লিফটের অডিটও করা হয়। সরকারি সূত্রে দাবি, তার পরেও কেন এই দুর্ঘটনা ঘটে গেল, তা নিয়ে তাঁরাও অন্ধকারে—এমনটাই রিপোর্টে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনও প্রতিষ্ঠানে লিফট ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। এর মধ্যে অন্যতম, লিফটম্যানদের জরুরি পরিস্থিতির মোকাবিলা করার প্রশিক্ষণ দেওয়া। আরজি করের ক্ষেত্রে এই নিয়মগুলো যথাযথ ভাবে মানা হয়েছিল কি না, তা অবশ্য স্পষ্ট করা হয়নি রিপোর্টে। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র নথিপত্র রক্ষণাবেক্ষণ নয়, বরং লিফটের যান্ত্রিক ক্ষমতা এবং সেটিতে জরুরি পরিস্থিতিতে উদ্ধারের ব্যবস্থা সচল ছিল কি না, তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। স্বাস্থ্যভবনের এক কর্তা বলেন, ‘কেন এমন ঘটনা ঘটল, তা আমাদের কাছেও এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটির প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে।’

    হাসপাতালের এই বক্তব্যে মানতে নারাজ নিহতের পরিবার। অরূপের বাবা অমল বন্দ্যোপাধ্যায় রবিবার রাতে বলেন, ‘যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়ে থাকে, তবে কেন আমার ছেলেকে এ ভাবে প্রাণ দিতে হলো? দোষীদের কঠোর শাস্তি না হলে এই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে।’ শুধু লিফটম্যান এবং নিরাপত্তারক্ষীদের গ্রেপ্তার করে থেমে থাকলে চলবে না। যাঁদের উপরে হাসপাতালের সুরক্ষার দায়িত্ব, তাঁদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে মৃতের পরিবার। এই দাবিকে সামনে রেখে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেবেন—এমনটাও জানিয়েছেন অমল। এই আবহেই স্বাস্থ্যভবনের একটি প্রতিনিধি দলের আজ, সোমবার আরজি কর হাসপাতালে যাওয়ার কথা। হাসপাতাল পরিদর্শনের পরে তাঁরা রিপোর্ট দেবেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে।

  • Link to this news (এই সময়)