এই সময়: ভোটের মুখে শেষ পর্যায়ের রণকৌশল ঝালিয়ে নিতে আগামিকাল, মঙ্গলবার কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (BJP All India President Nitin Nabin)। তবে তাঁর জনসভা করার কোনও পরিকল্পনা এখনও নেই। দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তিনি নিউ টাউনের একটি হোটেলে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। পরের দিন রাজ্য বিজেপির পাঁচটি সাংগঠনিক জ়োনের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা নীতিনের। বিজেপির একটি সূত্রের দাবি, নির্বাচনী ইস্তেহার কমিটি এবং দলের আইটি সেলের নেতাদের সঙ্গেও আলাদা ভাবে বৈঠক করবেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি। দলীয় প্রার্থীদের প্রচার কেমন চলছে, সে বিষয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি প্রচারের ক্ষেত্রে নতুন কোনও কৌশলও তিনি জানানে পারেন—এমনটাও মনে করা হচ্ছে।
তবে নীতিনের বঙ্গ সফরে আসার সময়কাল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, গত তিন–চারদিন বেশ কিছু বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বদলের দাবি জোরালো হতে শুরু করেছে। রবিবারও হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) বদল করার দাবিতে একদল বিজেপি কর্মী–সমর্থক জড়ো হন সল্টলেকে রাজ্য বিজেপি দপ্তরে। সেখানে ধর্নায় বসে তাঁরা স্লোগান তোলেন ‘রেখা পাত্রকে মানছি না, মানব না।’ শুধু হিঙ্গলগঞ্জই নয়, এ দিন প্রার্থী বদলের দাবিতে রাজ্য বিজেপি দপ্তরে জড়ো হন শ্রীরামপুর, জলঙ্গি এবং চাপড়ার বিজেপি কর্মীদের একাংশ।
তবে দলীয় প্রার্থী সংক্রান্ত এই সব ক্ষোভ–বিক্ষোভ যে বরদাস্ত করা হবে না, সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন শমীক ভট্টাচার্যদের। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, প্রার্থী বদলের দাবিতে যাঁরা নিয়ম করে চড়াও হচ্ছেন সল্টলেকে, তাঁদের কড়া বার্তা দিতে পারেন নীতিন। বিজেপি নেতৃত্বের দাবি, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ভূমিপুত্রদের যেমন গুরুত্ব দেওয়া হয়েছে তেমনই শক্তিশালী নেতৃত্বকেও টিকিট দেওয়া হয়েছে। ফলে প্রার্থী বদলের কোনও প্রশ্নই ওঠে না। বরং বারংবার সতর্ক করা সত্ত্বেও যাঁরা এখনও প্রার্থী বদলের দাবিতে অনড়, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার পথেই বিজেপির শীর্ষ নেতৃত্ব হাঁটবেন—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।