মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে গঙ্গাজলঘাঁটি পালেরবাঁধ মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শ্রীরাম ঢ্যাং (৩৮)। তিনি মেজিয়ার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীরা।
স্থানীয় সূত্রে খবর, দুর্লভপুরে একটি বেসরকারি কারখানায় কাজ করতেন শ্রীরাম। রবিবার নাইট শিফটে কাজ করে সোমবার সকালে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়েই সিমেন্ট বোঝাই একটি লরি ধাক্কা মারে শ্রীরামকে। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শ্রীরাম। পালিয়ে যান ওই লরির চালক।
ঘটনার পরে স্থানীয়রা আহত শ্রীরামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। তাঁরাই খবর দেন শ্রীরামের পরিবারকে। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় শ্রীরামের। ঘটনার পরে এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় বহুবার দুর্ঘটনা ঘটেছে। অনেকেই প্রাণ হারিয়েছেন। বার বার প্রশাসনকে বলেও কোনও লাভ হয়নি। শ্রীরামের মৃত্যুর পরে এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পুলিশের গাফিলতির জন্যই ট্রাকটিকে ধরা যায়নি। তাঁদের দাবি, জেলাশাসক এসে দেখা না করা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন।