• আরজি করে রোগীর মৃত্যু, ফের অব্যবস্থার অভিযোগ
    আজকাল | ২৩ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: লিফট বিপর্যয়ের জেরে একজনের মৃত্যুর পর আবারও শিরোনামে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এবার চিকিৎসা করাতে এসে মৃত্যু হল এক বৃদ্ধের। হাসপাতালের অব্যবস্থার জেরেই এই পরিণতি বলে অভিযোগ মৃতের পরিবারের। ঘটনাটি সোমবার ভোরের।

    জানা গিয়েছে, শ্বাসকষ্ট ও হৃদরোগ জনিত কারণে রবিবার রাত প্রায় আড়াইটে নাগাদ নিমতার বাসিন্দা বিশ্বজিৎ সামন্তকে (৬০) আরজি করে নিয়ে আসা হয়। তাঁর চিকিৎসা শুরু হয় জরুরি বিভাগের ট্রমা কেয়ারে। পরিবারের অভিযোগ, জরুপরি বিভাগে চিকিৎসার জেরে বিশ্বজিৎ বাবুর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তিনি শৌচালয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু ওই বিল্ডিংয়ে কোনও শৌচালয় না থাকায় তাঁকে জরুরি বিভাগের বাইরে বাইরে শৌচালয় করতে যেতে বলা হয়। কিছুটা বাধ্য হয়েই বৃদ্ধকে সেখানেই যেতে হয়। 

    অভিযোগ, সেই সময়ে অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার জন্য কোনও স্ট্রেচারও ছিল না। হেঁটে হেঁটে কিছুটা যাওয়ার পরই বিশ্বজিৎ বাবু  অসুস্থ বোধ করেন। তারপরই মাটিতে পড়ে যান। পরে তাঁকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘো,ণা করেন। এই ঘটনা সোমবার ভোরের।

    হাসপাতাতের অব্যবস্থার জেরেই বিশ্বজিৎ সামন্তের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর স্ত্রীর। গোটা বিষয়টি জানিয়ে টালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দেহ  ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

    উল্লেখ্য, গত শুক্রবার আরজি কর হাসপাতালে লিফট বিপর্যয় ঘটে। তাতে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ ব্যানার্জির। গত শুক্রবার ভোরে ছেলে ও স্ত্রীকে নিয়ে আরজি করে এসেছিলেন অরূপ বাবু। ছেলের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সেই দৌড়াদৌড়ির মধ্যেই তিনজন আটকে পড়েন ট্রমা কেয়ারের লিফটে। সেখানেই এক ঘণ্টা আটকে থাকার পর স্ত্রী সন্তানের চোখের সামনেই মৃত্যু হয় বছর চল্লিশের অরূপ ব্যানার্জির। হাসপাতালের বিরুদ্ধে অবস্থার অভিযোগ ওঠে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুসারে যুবকের দেহের ভিতরে রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতালের তিনজন লিফটম্যান-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। আপাতত ধৃতরা রয়েছেন পুলিশি হেফাজতে। 
  • Link to this news (আজকাল)