দেশের বায়ু সেনা ঘাঁটির গোপন তথ্য তুলে দেওয়া হতো পাকিস্তানির চরের হাতে। দীর্ঘদিন ধরেই এই কাজ চালানোর পরে অবশেষে গোয়েন্দাদের হাতে ধরা পড়ল চক্রী। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে অসমের ছাবুয়া বায়ু সেনায় সিভিলিয়ান কর্মী হিসেবে কর্মরত ছিল। রবিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাজস্থান পুলিশ। তার বিরুদ্ধে ভারতের একাধিক স্পর্শকাতর তথ্য পাকিস্তানের চরের কাছে পাচার করার অভিযোগ রয়েছে। ধৃতের নাম সুমিত কুমার।
পিটিআই-এর প্রতিবেদন সূত্রের খবর রাজস্থানের এডিজি (ইন্টেলিজেন্স) জানিয়েছেন, রাজস্থানের গোয়েন্দা বাহিনী এবং এয়ার ফোর্স ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে।
চরবৃত্তির অভিযোগে, চলতি বছরের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল ঝাবারাম নামে এক ব্যক্তিকে। তাকে জেরা করে সুমিতের খোঁজ পান তদন্তকারীরা। সুমিত উত্তরপ্রদেশের বাসিন্দা। ছাবুয়া বিমান ঘাঁটিতে মাল্টি টাস্কিং স্টাফ হিসেবে কর্মরত ছিল সুমিত। পেশার সুবিধা কাজে লাগিয়ে নানা তথ্য জোগাড় করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ব্যবহার করে তথ্য পাচার করত সুমিত।
তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৩ থেকে চরবৃত্তির কাজে যুক্ত সুমিত। টাকার বিনিময়ে তথ্য পাচার করা হতো। বায়ু সেনা ঘাঁটিতে কী কী রয়েছে, কোন ফাইটার জেট রাখা হয়, ঘাঁটির কোথায় রাখা হয়- এমন নানা ধরনের তথ্য পাচার করা হয়েছে। এমনকী নিজের মোবাইল নম্বর ব্যবহার করে পাকিস্তানি চরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছে বলেও অভিযোগ উঠেছে।