কেরালারর কোঝিকোড়ে সোমবার সকালে বাস দুর্ঘটনা ঘটে। আজিনজিলের (Azhinjilam) এক বাসিন্দার বাড়িতে সজোরে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। সূত্রের খবর, বাসটি কারাদি থেকে আসছিল। কিন্তু মাঝ রাস্তায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার জেরেই ঘটে দুর্ঘটনা। তবে বাসে কোনও যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় জখম হয়েছেন বাসের চালক। বর্তমানে তিনি স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, দুর্ঘটনার সময়ে বাড়িতে এক মহিলা ও একটি শিশু ছিলেন। তাঁরা সুস্থ আছেন। বাসের ধাক্কায় জানলার কাচ এবং দেওয়ালের একাংশ ভেঙে ঘরের ভিতর পড়ে যায়। ঘরের আসবাবপত্র এবং ইলেকট্রনিক সরঞ্জাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে।
ওই মহিলা জানিয়েছেন, বাসটি দেওয়ালের বদলে জানলায় ধাক্কা মারলে তাঁদের প্রাণ সংশয় হতে পারত। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারানোর পরেই চালক চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন। এর পর তিনি একটি অটো ধরে হাসপাতালের দিকে চলে যান।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। এর আগেও এই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। বাসের মালিকের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।