• বিজেপি কর্মীর মেয়ে যুবসাথী পাবে কেন? তৃণমূল কাউন্সিলারের ‘দাদাগিরি’ হরিণঘাটায়
    এই সময় | ২৩ মার্চ ২০২৬
  • বাবা বিজেপি করেন, মেয়ে কেন যুবসাথীর (YuvaSathi) টাকা পাবে?— এই প্রশ্ন তুলে এক কিশোরীকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। প্রতিবাদ করায় বাবাকে মারধর, গালিগালাজের অভিযোগ উঠল নদিয়ার হরিণঘাটায়। হরিণঘাটা পুরসভার ১৪ ওয়ার্ডের বাসিন্দা সন্তু রাউত। তিনি বিজেপি করেন। অভিযোগ তাঁর মেয়েকে হুমকি দেওয়ার পাশাপাশি তাঁকেও মারধর করা হয়। যদিও এ নিয়ে কাউন্সিলার হারাধন ঘোষ এখনই মুখ খুলতে চাননি। শুধু জানান, যা বলার সময় মতো বলবেন। সব প্রমাণ তাঁদের হাতে আছে।

    একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই সময় অনলাইন সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। কিন্তু সেখানেই দেখা যায় অকথ্য ভাষায় কাউন্সিলার গালিগালাজ করছেন। একজন প্রশ্ন করছেন, ‘আপনি আমার মেয়েকে ফোন করবেন কেন? থ্রেট করবেন কেন?’ কাউন্সিলার পাল্টা বলছেন, ‘১০০ বার করব। আর কীসের থ্রেট দেওয়া হয়েছে?’

    সন্তু রাউতের অভিযোগ, গত ১৯ মার্চ তাঁর মেয়ের অ্যাকাউন্টে যুবসাথীর ১৫০০ টাকা ঢোকে। রবিবার তাঁর মেয়েকে ফোন করে বলা হয় পুরসভায় এসে দেখা করতে। হুমকিও দেওয়া হয়। ওই কিশোরী বাবাকে সবটা জানান। এর পরে মেয়েকে টিউশন থেকে নিয়ে আসার সময়ে কাউন্সিলার হারাধন ঘোষ তাঁকে মারধর করেন বলে অভিযোগ।

    এই ঘটনায় ইতিমধ্যেই হরিণঘাটা থানা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি কর্মী সন্তু রাউত। যদিও এ বিষয়ে তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়কে এ নিয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে জানার চেষ্টা করছেন।

  • Link to this news (এই সময়)