• মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ, ভিডিয়ো শেয়ার করে কমিশনকে অভিষেকের প্রশ্ন, ‘ব্যবস্থা নেওয়া হবে?’
    এই সময় | ২৪ মার্চ ২০২৬
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ। অভিযুক্ত ব্যক্তির বক্তব্যের ভিডিয়ো শেয়ার করে প্রতিবাদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশন কি ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? এক্স হ্যান্ডলে প্রশ্ন তুলেছেন অভিষেক।

    ভিডিয়োয় (যার সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে ওই ব্যক্তিকে কদর্য ভাষায় আক্রমণ করছেন। যা বলছেন তা লেখার অযোগ্য।

    ভিডিয়োটি শেয়ার করে অভিষেক লেখেন, ‘বিজেপি বাংলার জন্য যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে—তা যদি হয় গালিগালাজ, অশালীনতা এবং আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আক্রমণ—তবে বাংলা তা একবাক্যে প্রত্যাখ্যান করছে। তাঁকে অপমান করার মানে হলো, রাজ্যের প্রতিটি বাঙালি এবং প্রতিটি নারীকে অপমান করা।’

    অভিষেক এক্স হ্যান্ডলে জানান, ওই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁর কথায়, ‘উত্তরপ্রদেশ থেকে আসা বিজেপির এক অনুচর যখন এমন ভাষা প্রয়োগ করে এবং তার জন্য কোনও পরিণতির মুখোমুখি হয় না, তখন তা বিজেপির আসল চরিত্রকেই উন্মোচিত করে দেয়। আর এটাই হলো তাদের ডাবল ইঞ্জিন মডেল।’ এক্স হ্যান্ডলে এই ভিডিয়োটি নির্বাচন কমিশন, পিএমও, স্বরাষ্ট্র মন্ত্রক ও উত্তরপ্রদেশের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ট্গ করা হয়েছে। এই ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক।

    বিষয়টি নিয়ে বিজেপি নেতা বিমলশঙ্কর নন্দ বলেন, ‘ওই ব্যক্তি বিজেপি করেন কি না, সেটা তদন্তের বিষয়। ভারতীয় জনতা পার্টি কখনও অশ্লীল ব্যক্তি আক্রমণে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টির নীতি ও আদর্শের বিরোধী এটা। যদি কেউ এটা করে থাকেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।’

  • Link to this news (এই সময়)