মিল্টন সেন: বিধানসভা নির্বাচনের মুখে হুগলির শ্রীরামপুরে ফের প্রকাশ্যে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত। বিজেপি প্রার্থীকে ‘দালাল’ আখ্যা দিয়ে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার পড়ায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক উত্তাপ।
পোস্টারে বিজেপি নেতার হাতে চায়ের কাপ এবং শাসক দলের এক সদস্যের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হওয়ার প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। পাশাপাশি নিচে লেখা রয়েছে, ’তৃণমূলের দালাল ভাস্কর ভট্টাচার্যকে বিজেপি কর্মীরা মানছে না, মানবে না।’
এই পোস্টার ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিজেপির অন্দরে অসন্তোষ বাড়ছিল বলে জানা গিয়েছে।
বলাগড় ও চাঁপদানির পর এবার শ্রীরামপুরেও বিজেপি প্রার্থীকে ঘিরে ক্ষোভ সামনে এল। এমনটাই জানাচ্ছে রাজনৈতিক মহল। যদিও এই ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, এটি বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ।
তৃণমূলের এই অভিযোগ অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ বলেন, ‘বিজেপি যদি প্রার্থী খুঁজে না পায়, আর যারা রয়েছে তারা যদি ‘মা-মাটি-মানুষ’-এর কাছে আসতে চায়, তাহলে আমাদের কিছু বলার নেই। জোর করে প্রার্থী দেওয়া হচ্ছে। বিজেপির প্রার্থী হওয়ার লোক নেই, এর দায় আমাদের নয়। বিজেপির কর্মীদের জিজ্ঞাসা করলেই বোঝা যাবে এই পোস্টার কারা দিয়েছে। ওদের নিজেদের মধ্যেই সমস্যা।’
অন্যদিকে বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘শ্রীরামপুরবাসীর সঙ্গে আমার সম্পর্ক ভাল। কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, এসব নিয়ে আমি ভাবি না। আমার লড়াই রাজনৈতিক, ব্যক্তিগত নয়।’
তবে তিনি জানান, এটি দলের গোষ্ঠীদ্বন্দ্ব কি না, তা নিয়ে এখনই মন্তব্য করতে চান না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে শ্রীরামপুরের রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।