সংবাদদাতা, ময়নাগুড়ি: দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ময়নাগুড়ির তিস্তা ব্যারেজ প্রজেক্টের বাংলোতে। ঘটনাকে কেন্দ্র করে অফিস কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিস্তা ইরিগেশন সাব ডিভিশন ২ এর সাব ডিভিশনাল অফিসার মিতুল সমাজিক। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযোগ উঠেছে, এর আগেও এই বাংলোতে চুরির ঘটনা ঘটেছিল।
জানা গিয়েছে, সোমবার সকালে চৌকিদার পুলিন চন্দ্র রায় অফিসে এসে দেখতে পান বাংলোর পেছনের গ্রিলের তালা ভাঙা রয়েছে। এরপর তিনি অফিসের কর্মীদের খবর দেন। খবর পেয়ে প্রত্যেকে ছুটে আসেন। তারা এসে দেখতে পান সেই তালা ভেঙে বাংলোর ভেতর প্রবেশ করে নানান মূল্যবান দ্রব্যাদি চুরি করে নিয়ে গিয়েছে একদল দুষ্কৃতি। এমন ঘটনায় অফিসের প্রত্যেক কর্মী।
অফিসের পিওন বাসুদেব ঘোষ বলেন, ‘বাংলোতে ভিআইপিদের জন্য বড় একটি ব্র্যান্ডেড সোফা ছিল, সেটা চুরি হয়েছে। চারটি ছোট সাইজের সোফা চুরি হয়েছে। এছাড়াও দুটি ম্যাট্রেস সহ ক্যারামবোর্ড চুরি হয়ে গিয়েছে। এর আগেও গ্যাস, বাসনপত্র চুরি হয়েছিল। রবিবার অফিসে কেউ না থাকার কারণে এমন ঘটনা বলে তারা জানিয়েছেন।
সাব ডিভিশনাল অফিসার বলেন, ‘সম্ভবত বাউন্ডারি ওয়াল টপকে দুষ্কৃতিকারীরা ভেতরে প্রবেশ করে এই অপকর্ম করেছে। আমাদের সিকিউরিটি গার্ড নেই। পাশাপাশি রবিবার ছুটি ছিল। সেই সুযোগে এই ঘটনা ঘটানো হয়েছে। ময়নাগুড়ি থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।