• স্কুল ছাত্রীকে বিনা কারণে মারধরের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের
    এই সময় | ২৪ মার্চ ২০২৬
  • বোলপুরের শৈলবালা স্কুলে এক ছাত্রীকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। যার জেরে সোমবার সকাল থেকে পঠনপাঠন বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পড়াশোনা লাটে উঠেছে। নবম ও দশম শ্রেণির জীবন বিজ্ঞান-সহ একাধিক বিষয়ের ক্লাস প্রায় হয় না বললেই চলে। এমনকি, লাইব্রেরিতে ঢুকতে গেলেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

    স্কুলের পড়ুয়াদের অভিযোগ, শিক্ষক না থাকায় ঠিক মতো পরীক্ষা নেওয়া বা খাতা দেখার কাজও ব্যাহত হচ্ছে। এ দিন লাইব্রেরিতে প্রবেশ করতে গেলে এক ছাত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই স্কুলের ভিতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ ছাত্রীরা অভিযুক্ত লাইব্রেরিয়ানের শাস্তির দাবিতে সরব হয়।

    খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি হস্তক্ষেপে উত্তেজিত ছাত্রীদের শান্ত করা হয় এবং পরিস্থিতি সামাল দিতে অভিযুক্তকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও অভিযুক্ত লাইব্রেরিয়ান বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।

    স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন যে, শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা দপ্তরে বারবার চিঠি পাঠানো হয়েছে। তাঁর আগের প্রধান শিক্ষিকাও একাধিকবার দপ্তরে আবেদন জানিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি।

  • Link to this news (এই সময়)