• সত্যনারায়ণ পুজো দিয়ে নতুন বাড়িতে প্রবেশ দেবাংশুর, এখান থেকই চলবে ভোট প্রচার
    এই সময় | ২৪ মার্চ ২০২৬
  • কলকাতা থেকে রোজ যাতায়াত আর নয়। এ বার পাকাপাকি ভাবে চুঁচুড়ায় আস্তানা নিলেন তৃণমূলের ‘তরুণ তুর্কি’ দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। ব্যান্ডেলের নলডাঙা কলোনিতে একটি বাড়ি ভাড়া নিয়েছেন তিনি। সেখান থেকেই নির্বাচনের সমস্ত কাজকর্ম করবেন তিনি। সোমবার সত্যনারায়ণ পুজো ও হোম-যজ্ঞ করে ওই বাড়িতে গৃহ প্রবেশ করলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী।

    গত মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই চুঁচুড়ায় বেশ সক্রিয় দেবাংশু। তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে এ বার দল তাঁর উপর ভরসা রেখেছে। প্রার্থী হওয়ার পর থেকেই দেবাংশু চুঁচুড়ার অলিগলিতে কখনও কর্মী বৈঠক, কখনও জনসংযোগ সারছেন।

    তবে প্রতিদিন কলকাতা থেকে যাতায়াত করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ছিল। সেই কারণেই গত কয়েক দিন ধরে তিনি চুঁচুড়ায় একটি ভাড়া বাড়ি খুঁজছিলেন। অবশেষে নলডাঙা কলোনির এই বাড়ি তাঁর পছন্দ হয়। এ দিন পুরোহিতের সঙ্গে যজ্ঞে আহুতি দেন দেবাংশুও।

    নতুন বাড়িতে প্রবেশের পর দেবাংশু বলেন, ‘চুঁচুড়ায় থেকেই কাজ করতে চাই। জেতার পরেও থাকতে চাই। মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষা সেটা পূরণের জন্য কাজ করব। চুঁচুড়ায় আসার পর থেকেই ভাড়া বাড়ি খুঁজছিলাম। আপাতত এই বাড়িটা পছন্দ হয়েছিল। এখানে থেকেই এ বার প্রচার করব।’

  • Link to this news (এই সময়)