ভোট ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, কলকাতা পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। এ বার সেই তালিকায় যোগ হলো রিটার্নিং অফিসারদের (Returning Officer) নাম। সোমবার একটি বিবৃতি জারি করে রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারে বদলি করে দিল কমিশন। উল্লেখযোগ্য বিষয় হলো, এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসারও রয়েছেন।
রাজ্যে মোট বিধানসভা কেন্দ্র ২৯৪টি। প্রত্যেক কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার থাকেন। অর্থাৎ রাজ্যের মোট রিটার্নিং অফিসারের সংখ্যা ২৯৪ জন। তাঁদের মধ্যে ৭৩ জনকে বদলি করা হলো। একই সঙ্গে নতুন কেন্দ্রের তালিকাও দিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে রিটার্নিং অফিসারদের সেখানে রিপোর্ট করতে হবে। এর পরে বুধবার থেকে তাঁদের ট্রেনিং শুরু হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
গত ১৫ মার্চ ভোট ঘোষণার পরেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মিনাকে বদলি করে দেয় কমিশন। রাজ্যের নতুন মুখ্যসচিব হয়েছেন দুষ্মন্ত নারিয়ালা। বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব ছিলেন তিনি। সঙ্গে ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও কারা দপ্তরের অতিরিক্ত দায়িত্ব। আর নতুন স্বরাষ্ট্রসচিব হয়েছেন সঙ্ঘমিত্রা ঘোষ। তিনি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দপ্তরের সচিব ছিলেন। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে তাঁর জায়গায় অজয়কুমার নন্দা এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের জায়গায় সিদ্ধিনাথ গুপ্তাকে দায়িত্ব দিয়েছে কমিশন।
এখানেই থামেনি কমিশন। গত ১৮ মার্চ দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকও বদলি করে দেয় কমিশন। এ ছাড়াও কলকাতা উত্তর ও দক্ষিণের DEO বদল করা হয়েছে।