নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২৮ মার্চ রাজ্য বিজেপির নির্বাচনি ইস্তাহার প্রকাশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে রাজ্য বিজেপির সার্বিক সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, মঙ্গলবার কলকাতায় যাচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। রাজারহাটের এক পাঁচতারা হোটেলে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফায় জরুরি বৈঠক করবেন তিনি। দলীয় সূত্রের দাবি, বিজেপির নির্বাচনি ইস্তাহার প্রকাশিত হওয়ার পর আগামী সপ্তাহে ফের রাজ্যে যেতে পারেন নীতিন নবীন। সেক্ষেত্রে রাজ্যে দলের বুথ সংগঠন নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
আগামী মাসে আজ এইসময় বাংলার প্রথম দফার ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। অথচ বিধানসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়লেও এখনও পর্যন্ত ভোটের ইস্তাহারই প্রকাশ করতে পারেনি বিজেপি। এবিষয় ইতিমধ্যেই দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতেই জানা যাচ্ছে যে, আগামী শনিবার রাজ্য বিজেপির নির্বাচনি ইস্তাহার প্রকাশ করতে পারেন অমিত শাহ। এখনও চূড়ান্ত না হলেও আগামী ২৭ মার্চ দু’দিনের জন্য কলকাতায় যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রস্তাবিত সেই সূচির ফাঁকেই অমিত শাহকে দিয়ে নির্বাচনি ইস্তাহার প্রকাশ করিয়ে পুরোদমে ভোট যুদ্ধে নেমে পড়তে চাইছে বিজেপি। জানা যাচ্ছে যে, বিজেপির এবারের ভোট ইস্তাহারে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। এর মধ্যে অন্যতম হল ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বেতন পরিকাঠামোর সংশোধনের আশ্বাস। এবং শূন্যপদে নিয়োগের প্রতিশ্রুতি। তবে বঙ্গ বিজেপির ইস্তাহারে অবধারিতভাবে গুরুত্ব পেতে চলেছে মহিলা এবং তরুণ ব্রিগেড। বিগত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের তুমুল জনপ্রিয়তায় রীতিমতো হাবুডুবু খেতে হচ্ছে বাংলার গেরুয়া শিবিরকে। রাজনৈতিক সূত্রের দাবি, নির্বাচনি ইস্তাহারে এর পালটা কোনো প্রতিশ্রুতি দেওয়ার মরিয়া চেষ্টা শেষ মুহূর্তেও চালাচ্ছে বিজেপি। যদি তা সফল না হয়, তাহলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পেরই অনুদান বৃদ্ধির আশ্বাস দেওয়া হতে পারে ইস্তাহারে। একইভাবে তরুণ-তরুণীদের ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে ‘যুবসাথী’ নিয়েও প্রতিশ্রুতির পথে হাঁটতে পারে বিজেপি।