• সব বাড়িতে জল পৌঁছানোর টার্গেট বাড়াতে বাধ্য হল সরকার
    বর্তমান | ২৪ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২২ সালের মধ্যে কৃষকের উপার্জন দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। আদতে তা হয়নি। ২০২২ সালের মধ্যে সবার মাথায় ছাদ। সেটিও হয়নি। মুখরক্ষায় ওই প্রকল্প রূপায়ণের সময়সীামা ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। একইভাবে ফের টার্গেট ফেল করল মোদি সরকার। ২০২৪ সালের মধ্যে সব বাড়িতে নলবাহী জল সরবরাহের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সেটিও হয়নি। সোমবার লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের এক লিখিত প্রশ্নের উত্তরে জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি সোমান্না জানিয়েছেন, এখনও পর্যন্ত দেশে ৮১.৭১ শতাংশ বাড়িতে নলবাহিত জল সরবরাহ ব্যবস্থা হয়েছে। সরকারই সংসদে জানিয়েছে, গ্রামাঞ্চলে ১৯ কোটি ৩৬ লক্ষ বাড়ি রয়েছে। তার মধ্যে ১৫ কোটি ৮২ লক্ষ বাড়িতে নলবাহিত জল পৌঁছেছে। টার্গেট ফেল করে এখন সরকার সব বাড়িতে নলবাহিত জল পৌঁছতে সময়সীমা ২০২৮ সাল পর্যন্ত করেছে। 

    অন্যদিকে, গ্রামাঞ্চলের স্কুলে ইন্টারনেট সংযোগের প্রশ্নে তৃণমূলের দীপক অধিকারীর (দেব)র প্রশ্নে শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী লোকসভায় লিখিতভাবে জানিয়েছেন, গোটা দেশের গ্রামে স্কুলের সাড়ে ৬৩ শতাংশ ইন্টারনেট সংযোগ রয়েছে। গ্রামে স্কুল রয়েছে ১৪ লক্ষ ৭১ হাজার ৪৭৩ টি। যার মধ্যে ইন্টারনেট রয়েছে ৯ লক্ষ ৩৩ হাজার ৯৮৭টিতে। পশ্চিমবঙ্গে গ্রামের ৯৩ হাজার ৭১৫ টি স্কুলের মধ্যে ১৮.৬ শতাংশে ইন্টারনেট রয়েছে। দেশের মধ্যে দিল্লি, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপেই ১০০ শতাংশ গ্রামের স্কুলে ইন্টারনেট রয়েছে বলেই সংসদে জানিয়েছে সরকার। অন্যদিকে, তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ এপ্রিল দলের রাজ্যসভার নব নির্বাচিত সাংসদরা শপথ নেবেন। 
  • Link to this news (বর্তমান)