চাকরির জন্য স্কিল পলিসি চালু করার পরামর্শ নীতি আয়োগের
বর্তমান | ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুধু একটা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পেলেই কর্মজীবনে প্রবেশ করা আর যাবে না। একথা মনে করছে মোদি সরকারের নীতি নির্ধারক প্রতিষ্ঠান নীতি আয়োগ। ‘বিকশিত ভারত-২০২৭’ স্লোগানকে সফল করতে হলে দেশের কর্মসংস্থান মানিচত্র যে সবথেকে উজ্জ্বল করতে হবে একথা নীতি আয়োগ স্বীকার করেছে। ন্যাশনাল জব স্কিলিং পলিসি নামক একটি ওয়ার্কিং পেপার কয়েকদিন আগেই নীতি আয়োগ প্রকাশ করেছে। এবার সেই পেপারের অন্তর্ভুক্ত প্রস্তাবগুলি সরকারকে পাঠানো হয়েছে। শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের প্রথম থেকেই নিবিড় একটি সংযোগ গড়ে তুলতে হবে বলে ওয়ার্কিং পেপারে বলা হয়েছে। কারণ, কর্মসংস্থানের সঙ্গে স্কিলের সম্পর্ক ক্রমশ বাড়ছে। আগামীদিনে স্কিলভিত্তিক কর্মসংস্থানের প্রবণতাই সবথেকে বেশি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সঙ্গে নীতি আয়োগ এই নিয়ে বৈঠক করবে। কারণ, জব স্কিল ডেভেলেপমেন্ট কোর্স চালু করার একটি প্রস্তাবও এই ওয়ার্কিং পেপারে রয়েছে। যে সেক্টরগুলিকে টার্গেট করা হয়েছে, সেগুলি হল তথ্যপ্রযুক্তি, উৎপাদন, পর্যটন,স্বাস্থ্য, ব্যাংকিং, আর্থিক ক্ষেত্র, বিমা ও পরিষেবা। নীতি আয়োগ চাইছে, একটি পরামর্শদাতা কমিটি সরকারের পক্ষ থেকে তৈরি করা হোক। আর সেই কমিটি বিভিন্ন মন্ত্রকের সঙ্গে কথা বলবে। জব ম্যাপিং নামক একটি ব্যবস্থা সরকার গ্রহণ করুক। আগামী কয়েক বছরের কর্মসংস্থানের সম্ভাবনা কোন সেক্টরে বাড়ছে, কোন সেক্টরে কমছে, সেই প্রবণতা শিক্ষামন্ত্রক অনুসরণ করুক। শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে কথা বলে স্থির করা হোক, কোন বিষয়ে ভারতীয় ছাত্রছাত্রীদের আরও বেশি করে পড়াশোনা এবং প্রশিক্ষণ গ্রহণ করা দরকার।